১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হাতিরঝিলে অন্যরকম ‘পশুর হাট’

সামারাই ক্যাটেল ফার্ম ঈদুল আযহা উপলক্ষে ২৫০টির পশু প্রস্তুত করেছিল; যার অধিকাংশই বিক্রি হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 09:17 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর হাতিরঝিলে মহানগর আবাসিক এলাকার পাশেই যেন বসেছে অন্যরকম এক ‘পশুর হাট’। 

দেখতে হাটের মতো হলেও এটি মূলত ‘সামারাই ক্যাটেল ফার্ম’ নামে একটি খামারের বিক্রয়কেন্দ্র। সেখানে মিলছে গরু, খাসি এমনকি উটও। 

রোববার বিকেলে প্রতিষ্ঠানটির বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৭০ থেকে ৮০টির মতো পশু রাখা সেখানে। স্থানীয়দের অনেককেই দেখা গেল পরিবারের সদস্যদের নিয়ে সেখানে আসছেন, দরদাম করছেন। কেউ কেউ কিনছেন পছন্দের পশু। 

প্রতিষ্ঠানটির কর্মীদের ভাষ্য, সামারাই ক্যাটেল ফার্ম ঈদুল আযহা উপলক্ষে ২৫০টির পশু প্রস্তুত করেছিল। এরইমধ্যে তারা বেশিরভাগ পশু বিক্রি করে দিয়েছেন। মাত্র ১২টি গরু, কিছু খাসি এবং একটি উট অবিক্রিত অবস্থায় আছে। বাকি পশুগুলো ক্রেতারা রেখে গেছেন, খামার কর্তৃপক্ষ দেখভাল করছে।  

সামারাই ক্যাটেল ফার্ম বিক্রয়কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অর্ধশতাধিক পশু এ বিক্রয়কেন্দ্র থেকে ইতোমধ্যে বিক্রি করেছি। এখনও কিছু অবিক্রিত আছে। ক্রেতারা আসছেন, দেখছেন।”

এ বিক্রয়কেন্দ্র থেকে পশু কিনলে বিশেষ সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। এ নিয়ে সাইফুল ইসলাম বলেন, “আমরা বিক্রিত পশুগুলোকে এখানে রেখেই দেখভাল করছি। ঢাকায় অনেকের বাসাতেই পশু রাখার ব্যবস্থা নেই। তারা এ সুযোগ নিতে পারছেন। আমরা ঈদের আগে বিক্রি হওয়া পশুগুলো গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো।”

গ্রাহকরা ব্যাপক সাড়া দিচ্ছেন দাবি করে তিনি বলেন, “অনেকেই পরিবারের শিশু ও নারী সদস্যদের নিয়ে পশু পছন্দ করে কিনতে চান। তাদের জন্য হাটে গিয়ে পশু পছন্দ করার সুযোগ অনেক সময় থাকে না। তারা অনেকেই এখানে আসছেন।” 

খামারের বিক্রয়কেন্দ্র পশু দেখতে এসেছিলেন মহানগর আবাসিকের বাসিন্দা মাহবুব রহমান। তিনি বলেন, “কোরবানির পশু কিনতে বের হবো, তার আগে এলাকার পাশেই এ বিক্রয়কেন্দ্রে এসেছি, দরদাম করে দেখছি। ব্যাটে-বলে মিলে গেলে নেওয়ার চেষ্টা করবো।”