১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, ওড়ার পর ফিরে এল নভোএয়ারের ফ্লাইট

পরে যাত্রীদের অন্য উড়োজাহাজে কক্সবাজারে পাঠানো হয়, বলেন নভোএয়ারের একজন মুখপাত্র।

ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, ওড়ার পর ফিরে এল নভোএয়ারের ফ্লাইট
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 10:12 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে উড্ডয়নের পর নিজেদের একটি ফ্লাইটের ফিরে আসার তথ্য দিয়েছে নভোএয়ার।

বেসরকারি এয়ারলাইন্সটির ভাষ্য, কক্সবাজারমুখী ফ্লাইটটি ওড়ার পরেই পাইলট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনেন। 

‘ভিকিউ-৯৩৫’ নামে ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। 

নভোএয়ারের একজন মুখপাত্র বলেন, “ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় প্রটোকল অনুযায়ী পাইলট সেটিকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। 

“পরে যাত্রীদের অন্য উড়োজাহাজে করে কক্সবাজার পাঠানো হয়।”

বর্তমানে নভোএয়ারের বহরে পাঁচটি এটিআর ৭২-৫০০ টার্বোপ্রপেলার উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় ফিরে আসা উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার চাকাসহ ভাজ হয়ে নির্ধারিত স্থানে ফিরছিল না। 

পাইলট ল্যান্ডিং গিয়ার গুটিয়ে নেওয়ার কমান্ড দেওয়ার পর হাইড্রোলিক যন্ত্রগুলো কিছু অযাচিত শব্দ করলেও ভাজ হচ্ছিল না।

কক্সবাজারের সাংবাদিক তানবীরুল মিরাজ রিপন ওই ফ্লাইটের যাত্রী ছিলেন বলে ফেইসবুকে লিখেছেন। 

তার বক্তব্য, “ফ্লাইটটি ঠিক সময়ে উড়েছে বটে। প্রায় ৩০-৪০ মিনিটের মধ্যে ইমার্জেন্সি আমাদের ঢাকা ফিরতে হয়েছে, কারণ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার বাইরে রয়ে গিয়েছিল এবং সেটি কাজ করছিল না, সেই সাথে বিকট শব্দ করছিল।”