১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তৃতীয় দফায় সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

আরও তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

তৃতীয় দফায় সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
মাসরুর আরেফিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 07:47 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

তৃতীয় দফায় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর দায়িত্ব পেয়েছেন মাসরুর আরেফিন।

পরিচালনা পর্ষদের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংক তার পুনর্নিয়োগের অনুমতি দিয়েছে বলে সিটি ব্যাংক মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

৩০ বছরের অভিজ্ঞ এ ব্যাংকার ২০১৯ সাল থেকে টানা এই দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় দফায় ২০২২ সালে তিনি দায়িত্ব পান। এবার আরও তিন বছরের জন্য নিয়োগ পেলেন।

সিটি ব্যাংকের বিজ্ঞপ্তিতে তার সময়ে ব্যাংকের আয় ও আর্থিক অবস্থার উন্নতির তথ্য দিয়ে বলা হয়, তার আগের দুই মেয়াদের ছয় বছরে ব্যাংকটির বার্ষিক আয় আয় ১ হাজার ৫৯৫ কোটি থেকে বেড়ে ৪ হাজার কোটি টাকা হয়েছে। পরিচালন মুনাফা ৬৬৮ কোটি থেকে বেড়ে ২০২৪ সালে অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী ২ হাজার ২৮৭ কোটি টাকায় উন্নীত হয়েছে।

এতে বলা হয়, গত ছয় বছরে ব্যাংকের আয়-ব্যয়ের অনুপাত ৫৮ দশমিক ১ শতাংশ থেকে ৪২ দশমিক ১ শতাংশে নেমেছে। বৈদেশিক বাণিজ্য বার্ষিক ৩ দশমিক ৬ বিলিয়ন থেকে ৭ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

এছাড়া একই সময়ে ব্যাংকটির আমানত ২১ হাজার কোটি থেকে ৫২ হাজার কোটি টাকা এবং ঋণ পোর্টফোলিও ২৩ হাজার কোটি থেকে ৪৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে। ২০২৩ সালে ব্যাংকের মন্দঋণ অনুপাত ৫ দশমিক ৩ শতাংশ থেকে ৩ দশমিক ৬ শতাংশে নামে এবং শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ অনুপাত ৭২ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ১২২ শতাংশে দাঁড়ায়।

মাসরুর আরেফিন এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ১৯৯৫ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দিয়েছিলেন। ব্যাংকিং খাতে দীর্ঘ কর্মজীবনে তিনি এএনজেড ব্যাংক মেলবোর্ন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, সিটি ব্যাংক এনএ, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

বরিশাল ক্যাডেট কলেজের এ শিক্ষার্থী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর, মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং পরে ফ্রান্সের ইনসিয়াড বিজনেস স্কুল থেকে উচ্চতর আর্থিক ব্যবস্থাপনার কোর্স সম্পন্ন করেন।

পুরনো খবর-

দ্বিতীয় মেয়াদে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন