Published : 14 Jun 2026, 09:24 PM
নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া ঘিরে ইসলামী ব্যাংক বাংলাদেশে অস্থিরতার প্রেক্ষিতে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন ব্যাংকটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
রোববার সকালে কেন্দ্রীয় ব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকা ধার পাওয়ার পর বিকালে গভর্নরের সঙ্গে দেখা করতে যান ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন।
বাংলাদেশ ব্যাংকে ওই সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, গত দুই দিনে দৈনিক গড়ে জমা বাদে নিট ১২০০ কোটি টাকার মতো উত্তোলন করা হয়েছে। সোমবার কেমন হতে পারে তা নিয়ে একটা ধারণা গভর্নরকে দেওয়া হয়েছে।
“আরটিজিএসসহ অনলাইনের বড় পেমেন্ট নিয়ে একটু সমস্যা হচ্ছে।”
তিনি বলেন, গ্রাহকরা কেন টাকা তুলে নিচ্ছেন তা নিয়ে আলোচনা হয়নি। একইভাবে পর্ষদ নিয়েও কোনো কথা হয়নি। কেননা এটি শুধু ব্যবস্থাপনা বিষয়ক বৈঠক।
কেন্দ্রীয় ব্যাংক আগামীতেও তারল্য সহায়তা দেবে বলে বৈঠকে তাদের জানানো হয়েছে বলে তুলে ধরেন ভারপ্রাপ্ত এমডি।
বৈঠকে অংশ নেওয়া ইসলামী ব্যাংকের আরেক কর্মকর্তা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার বলেন, এদিন ৯০০ কোটি টাকার মত চেক ক্লিয়ারিং করা হয়েছে।
গভর্নরের সঙ্গে বৈঠকে আরও ছিলেন ব্যাংকের আরও এক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি ব্যাংকটিতে পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়া আশ্রাফুল আলমও বৈঠকে ছিলেন।
নতুন চেয়ারম্যান বসানো ঘিরে একদল ব্যক্তির কর্মসূচির মধ্যে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু করেন অনেকে। নগদ টাকার সংকট তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চায় বেসরকারি খাতের বৃহত্তম ব্যাংকটি।
এ অবস্থায় তারল্য সংকট মেটাতে রোববার সকালে ব্যাংকটিকে ২৫০০ কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন-