১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘সার্কেল’ নামে এয়ারটেলের নবযাত্রা

এর মধ্য দিয়ে দেশের টেলিকম বাজারে কার্যত এয়ারটেলের দীর্ঘ ১৬ বছরের যাত্রার ইতি ঘটল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 12:02 AM

Updated : 16 Sep 2026, 12:58 PM

তরুণ গ্রাহকদের টানতে মোবাইল অপারেটর এয়ারটেলের নাম পাল্টে ‘সার্কেল’ নাম দিয়েছে মালিক কোম্পানি রবি আজিয়াটা পিএলসি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের এ কোম্পানি বলছে, নাম বদল হলেও সিম নম্বর, মোবাইলের ব্যালেন্সসহ যাবতীয় সেবায় কোনো রকম পরিবর্তন হবে না। 

গ্রাহকদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ব্যবস্থা এবং ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে।

তবে এর মধ্য দিয়ে দেশের টেলিকম বাজারে কার্যত এয়ারটেলের দীর্ঘ ১৬ বছরের যাত্রার ইতি ঘটল। 

২০১৬ সালে বিটিআরসির অনুমোদন নিয়ে এয়ারটেল বাংলাদেশ রবি অজিয়াটার সঙ্গে একীভূত হয়। এরপরও রবির অধীনে একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে ০১৬ নম্বর সিরিজ নিয়ে সেবা দিয়ে যাচ্ছিল এয়ারটেল। 

তার এক দশক পর এবার এয়ারটেল নামটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে পুরো সেবা 'সার্কেল' ব্র্যান্ডের অধীনে নিয়ে এল রবি।

সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে 'সার্কেল' এর উদ্বোধন করা হয়। 

তার আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে রবি আজিয়াটা বিনিয়োগকারীদের জানায়, সাবসিডিয়ারি কোম্পানি এয়ারটেলের ব্যবসা কার্যক্রম এখন থেকে ‘সার্কেল’ নামে পরিচালিত হবে।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত তুলে ধরে রবির তরফে বলা হয়েছে, সার্কেল নামে বাণিজ্যিক কার্যক্রম চালু করার মধ্যবর্তী সময়ে এয়ারটেলের ব্র্যান্ড নাম ব্যবহার বন্ধ থাকবে অর্থাৎ এয়ারটেলের লোগো কোথাও ব্যবহার করা হবে না।

এয়ারটেলের পরিবর্তে ‘সার্কেল’ নামে কার্যক্রম চালানোর প্রস্তুতির সময়ে এয়ারটেলের সিম সচল থাকবে। এয়ারটেলের বিদ্যমান গ্রাহক, পণ্য ও সেবায় কোনো প্রভাব পড়বে না।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, “ভোক্তাদের আচরণ এবং কানেক্টিভিটির বিবর্তনের সঙ্গে সঙ্গে এয়ারটেলের অগ্রযাত্রার পরবর্তী ধাপ হচ্ছে এই নতুন পরিচয়। ব্র্যান্ডের নাম বদলালেও আমাদের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত রয়েছে—সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সার্বক্ষণিক সংযোগের মাধ্যমে মানুষকে এক সুতোয় বেঁধে রাখা।”