Published : 10 Aug 2026, 12:09 AM
ডিজিটাল অর্থনীতিতে বাংলাদের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।
রোববার ঢাকার গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের পথে অগ্রযাত্রা: উদ্ভাবন, বিনিয়োগ ও আইসিটিনির্ভর প্রবৃদ্ধির নীতিগত অগ্রাধিকার’ শিরোনামে এ সভা হয়।
সভায় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, আইসিটি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত অতিথি ছিলেন বলে অ্যামচেমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইসিটি ও টেলিযোগাযোগ খাতকে সরকারের একটি অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে মন্তব্য করেন রেহান আসিফ আসাদ। তিনি এ খাতের উন্নয়নে সরকারের পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন।
আমচ্যামের সভাপতি ও মাস্টারকার্ডের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন অনুমোদনের জন্য সরকারকে ধন্যবাদ জানান।
প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপগুলোর জন্য বৈদেশিক অর্থপ্রবাহ ও বহির্মুখী আন্তর্জাতিক লেনদেন সহজ করার অনুরোধ জানান সৈয়দ মোহাম্মদ।
সভা সঞ্চালনা করেন আমচ্যামের আইসিটি সাবকমিটির চেয়ার রুবাবা দৌলা।
অনুষ্ঠানে চারটি বিষয়ে আলোচনা হয়। এগুলো হলো, প্রতিযোগিতামূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা; বিশ্বস্ত ডিজিটাল অবকাঠামো উন্নয়ন; এআই, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়ন ত্বরান্বিত করা এবং সরকার–শিল্পখাতের অংশীদারত্ব জোরদার করা।
আমচ্যামের আইসিটি খাতের নেতাদের পাশাপাশি সিটিব্যাংক এন এ, সিসকো, এইচএসবিসি, মাস্টারকার্ড, মেটলাইফ, পাঠাও, পিডব্লিউসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, শপআপ এবং ভিসাসহ বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন।