ঢাকা-বেইজিং পথে চায়না সাউদার্নের ফ্লাইটের উড়াল ১৫ জুলাই থেকে
১৫ জুলাই থেকে প্রতি সোম ও শনিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের ডাশিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করা হবে।
ঢাকা থেকে চীনের রাজধানী বেইজিংয়ে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স।
মঙ্গলবার চায়না সাউদার্ন এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুলাই থেকে প্রতি সোম ও শনিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের ডাশিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করা হবে।
এই রুটে অত্যাধুনিক এয়ারবাস এ-৩২১ দ্বারা ফ্লাইট পরিচালনা করা হবে। এই উড়োজাহাজে ১২টি বিজনেস, ১৮৭টি ইকোনমি ক্লাসসহ মোট ১৯৯টি আসন রয়েছে।
রাজধানীর একটি হোটেলে সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে ঢাকা-বেইজিং রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় চায়না সাউদার্ন এয়ারলাইন্স।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, “সংযোগের মাধ্যমেই উন্নয়ন আসে এবং আমরা সংযোগ স্থাপনে বিশ্বাস করি। চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং ভবিষ্যতে বাংলাদেশে আরও চীনা বিনিয়োগ আসবে।”
তিনি আরও বলেন, “চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ঢাকা ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে। যেহেতু চীনে প্রচুর পর্যটক রয়েছে, আমরা ভবিষ্যতে কক্সবাজার এবং কুনমিং বিমানবন্দরের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি পর্যালোচনা করছি।”
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকা-বেইজিংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট উদ্বোধনের জন্য চায়না সাউদার্ন এয়ারলাইন্সকে অভিনন্দন জানান।
এই রুটটি বৃহত্তর সহযোগিতা, জনগণের মধ্যে সংযোগ এবং উভয় পক্ষের জন্য সমান লাভ বয়ে আনার পাশাপাশি দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ আরও প্রসারিত করবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, “সংযোগই সবকিছু। সংযোগ ছাড়া কিছুই করা যায় না।”
চায়না সাউদার্ন এয়ারলাইন্স বাংলাদেশের মহাব্যবস্থাপক জি কাংজিয়া বলেন, “এশিয়ার বৃহত্তম এয়ারলাইন হিসেবে আমরা প্রতিদিন তিন হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করছি, যা যাত্রীদের বিশ্বজুড়ে ২০০টিরও বেশি গন্তব্যে সংযুক্ত করছে।
“গত বছর আমরা ১ লাখ ২০ হাজারেরও বেশি যাত্রী নিয়ে ঢাকা থেকে চীনে গেছি। এই বছরের প্রথমার্ধে সংখ্যাটি ইতোমধ্যে ৪০ হাজারের কাছাকাছি। অদূর ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি চায়না সাউদার্ন এয়ারলাইন্সে ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চায়না বাংলাদেশে সাউদার্ন এয়ারলাইন্সের গ্লোবাল সেলস অ্যাজেন্ট (জিএসএ) অ্যামনেস্টার সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিব উল্লাহ ডন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
