জে-ক্রিয়েশনে অভিযানে ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য
মিরপুরের এই প্রতিষ্ঠানটি অনলাইনে পাঞ্জাবি, শেরওয়ানিসহ বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে।
ঢাকার মিরপুরে অনলাইন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটনের কথা জানিয়েছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের নির্দেশে রোববার মিরপুর-১২ নম্বরে জে-ক্রিয়েশনে আকস্মিক অভিযান চালানো হয়।
প্রতিষ্ঠানটি অনলাইনে পাঞ্জাবি, শেরওয়ানি ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযানে মূসক ফাঁকির আলামত পাওয়ার কথা জানিয়ে এনবিআর বলেছে, অধিকতর যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির কম্পিউটার সিপিইউসহ বিভিন্ন দলিল জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করা হয়েছে।
জব্দ করা দলিলপত্র আরও যাচাই-বাছাই করে এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
