Published : 02 Aug 2026, 07:06 PM
মোড়কে লেখা ওজনের তুলনায় কম পণ্য থাকার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন’ অনুযায়ী এ জরিমানা করার কথা বলেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে কোম্পানির উৎপাদিত বিভিন্ন বিস্কুটের প্যাকেটের ওজন যাচাই করে ভ্রাম্যমাণ আদালত। তাতে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে লেখা ওজনের তুলনায় কম।
“এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন লেখা রয়েছে রয়েঝে, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং প্রচলিত আইনের পরিপন্থি।”
ভ্রাম্যমাণ আদালত কোম্পানিটিকে সঠিক ওজন নিশ্চিত করে পণ্য বাজারজাত করার নির্দেশনা দিয়েছে।
ঢাকা মহানগরের তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী হাকিম লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে ঢাকা মহানগর পুলিশের সদস্যরা সহায়তা করেন। এ সময় বিএসটিআইয়ে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা (সিএম) এবং পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম উপস্থিত ছিলেন।