১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভবন ভাড়া দিতে ছাড় পেল ন্যাশনাল ব্যাংক

এ জন্য ব্যাংক কোম্পানি আইনের ১০ নং ধারা আগামী ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে না ব্যাংকটির জন্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 12:32 AM

Updated : 11 Sep 2026, 03:42 PM

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যাংক তার প্রধান কার্যালয় ভাড়া দিতে পারে না। কিন্তু আর্থিক অনিয়মে দুর্দশাগ্রস্ত ন্যাশনাল ব্যাংক পিএলসিকে সেই সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক।

এর ফলে রাজধানীর কারওয়ান বাজারে প্রধান কার্যালয় তৈরির উদ্দেশ্যে অবকাঠামো নির্মাণ সম্পন্ন ‘এনবিএল টুইন টাওয়ার’ নামে ন্যাশনাল ব্যাংকের বহুতল ভবনটি সাড়ে ৫ বছরের জন্য ভাড়া দিতে পারবে তারা। 

এ জন্য ব্যাংক কোম্পানি আইনের ১০ নং ধারা আগামী ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে না ন্যাশনাল ব্যাংকের জন্য।

বিশেষ এই অব্যাহতি দিয়ে মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলছে, “ন্যাশনাল ব্যাংক পিএলসি এর মালিকানাধীন এনবিএল টুইন টাওয়ার নামে তাদের প্রস্তাবিত প্রধান কার্যালয় ভবনের টাওয়ার-২ বাণিজ্যিক স্থাপনা হিসেবে ইজারা দিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ১০ ধারার বিধান ৩১ ডিসেম্বর ২০৩১ পর্যন্ত প্রযোজ্য হবে না।”

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহাম্মদ সার্কুলারটিতে স্বাক্ষর করেন।

অবকাঠামো নির্মাণ শেষ হলেও এনবিএল টুইন টাওয়ার ভবনটির অন্যান্য পরিষেবা কাজ চলছে। বহুতল ভবনটিতে এখনো কার্যালয় শুরু করতে পারেনি ন্যাশনাল ব্যাংক। কিন্তু আর্থিক সংকটে পড়ে নিজেদের ব্যবহারের আগেই ভবন ভাড়া দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে তারা।