১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘১৫তম সোশ্যাল বিজনেস ডে’ শুরু হচ্ছে ২৭ জুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে অংশ নেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 06:59 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপ আয়োজিত ‘১৫তম সোশ্যাল বিজনেস ডে ২০২৫' হতে যাচ্ছে আগামী ২৭ থেকে ২৮ জুন। 

সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে এ আয়োজন হবে বলে মঙ্গলবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এ বছরের সোশ্যাল বিজনেস ডের প্রতিপাদ্য—‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হল সামাজিক ব্যবসা’। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ বিবিধ খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এই আয়োজন হবে ‘জ্ঞান, অভিজ্ঞতা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির’ এক অনন্য মিলনমেলা। যেখানে থাকবে ৫টি পূর্ণাঙ্গ অধিবেশন এবং ৮টি ব্রেকআউট সেশন। 

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে অংশ নেবেন।

২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনের বেশি বিদেশি অতিথিসহ সহস্রাধিক অংশগ্রহণকারী দুই দিনব্যাপী এ আয়োজনে অংশ নেবেন। 

এছাড়া, স্থানীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত শতাধিক বক্তা সামাজিক ব্যবসা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেবেন। তাদের মধ্যে আছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, মেডট্রনিকের সাবেক সিইও ও চেয়ারম্যান ওমর ইশরাক এবং ইন্টেল করপোরেশনের সাবেক বোর্ড চেয়ারম্যান ইসমাইল সেরাজেল্ডিন, বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট এরিক সোলহেইমসহ অনেকে। 

এই আয়োজনের ধারাবাহিকতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ২৯ জুন হবে ’একাডেমিয়া ডায়ালগ’, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে সমাজের সামগ্রিক প্রসারে  সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে আলোচনা হবে। 

ঠিক তার পরেই হবে ‘থ্রি জিরো ক্লাব কনভেনশন', যেখানে আলোচনা হবে কীভাবে পৃথিবীতে কার্বন নিঃসরণ, সম্পদ পুঞ্জীভূতকরণ ও বেকারত্বকে ‘জিরো’ করে ফেলা যায়। 

এই আয়োজনে অংশগ্রহণ করতে আগ্রহীরা এই লিংকে (https://socialbusinesspedia.com/events/sbd2025/registration) করতে পারবেন।