Published : 13 Jul 2026, 10:36 PM
বিশেষায়িত অঞ্চলে পরিচালিত কোম্পানিগুলোকে বিদেশি মুদ্রার বিপরীতে নির্দিষ্ট সময়ের জন্য টাকায় ঋণ নেওয়ার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
‘ফরেন কারেন্সি’ বা এফসি হিসাবের বিপরীতে এখন থেকে এই সুবিধা মিলবে।
সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও হাই টেক পার্ক অঞ্চলে থাকা সব কোম্পানি এ সুবিধা পাবে।
বিশেষায়িত অঞ্চলে থাকা কোম্পানির মধ্যে যাদের ‘রিটেনশন কোটা’ (ইআরকিউ) হিসাব রয়েছে, তারাই এতদিন এ সুবিধা পেত।
এখন সেই সুবিধা এফসি হিসাব পরিচালনাকারী হিসেবে বিদেশি মালিকানাধীন কোম্পানিও পেল।
এ প্রক্রিয়ায় এক মাসের জন্য স্থানীয় মুদ্রায় ঋণ নিয়ে স্থানীয় সুদ পরিশোধ করতে হবে ব্যাংকগুলোকে। অন্যদিকে বিদেশি মুদ্রার বিপরীতে বিদেশি মুদ্রায় সুদ পাবে উদ্যোক্তা প্রতিষ্ঠান।
এতে বিদেশি মুদ্রা স্থানীয় মুদ্রায় বদলে নেওয়ার প্রয়োজন পড়ছে না বিদেশি কোম্পানির।
সোয়াপ লেনদেনকে ঋণ বা অর্থায়ন সুবিধা হিসেবে গণ্য করা হবে না। স্থানীয় মুদ্রা হিসেবে নেওয়া টাকা শুধু রপ্তানি কার্যক্রম খাতে চলতি মূলধনের চাহিদা মেটাতে ব্যবহার করতে পারবে উদ্যোক্তা।