Published : 21 Jul 2026, 01:02 AM
দীর্ঘ দূরত্বের ফ্লাইটে ইকোনমি ক্লাসের যাত্রীদের আরও আরামদায়ক ঘুম নিশ্চিত করতে নতুন ধরনের একটি ‘অ্যাডজাস্টেবল হেডরেস্ট’ সংযোজন করতে শুরু করেছে এমিরেটস এয়ারলাইনস
গাল্ফ নিউজ এক প্রতিবেদনে বলেছে, ইউ-ড্রিম নামের এই হেডরেস্ট এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে যাত্রীরা ঘুমানোর সময় মাথা ও ঘাড় স্থির থাকে। ফলে দীর্ঘ যাত্রার কথা ভেবে যাত্রীদের আর বাড়ি থেকে আলাদা করে ঘাড়ের বালিশ বা নেক পিলো নিয়ে আসতে হবে না।
এমিরেটস জানিয়েছে, নতুন হেডরেস্টটি ইতোমধ্যে তাদের তিনটি এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজের আসনে সংযোজন করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ বহরের সব এ৩৫০ উড়োজাহাজে এ সুবিধা পাওয়া যাবে।
এরপর ধাপে ধাপে বহরের অধিকাংশ এয়ারবাস এ৩৮০ ও বোয়িং ৭৭৭ উড়োজাহাজেও এই হেডরেস্ট দেওয়া হবে।
এছাড়া এমিরেটস যে ২৭০টি নতুন বোয়িং ৭৭৭এক্স উড়োজাহাজের অর্ডার দিয়েছে, সেগুলো কারখানা থেকেই এ হেডরেস্টসহ সরবরাহ করা হবে।

গাল্ফ নিউজ লিখেছে, চামড়া মোড়ানো প্যাডযুক্ত এই হেডরেস্টের দুই পাশে ভাঁজ করা যায় এমন নমনীয় অংশ রয়েছে, যা মাথা ও ঘাড়কে দুই পাশ থেকে সমর্থন দেয়। তাতে ঘুমের সময় মাথা সামনে ঝুঁকে পড়া বা একদিকে হেলে যাওয়ার প্রবণতা কমে।
যাত্রীরা নিজেদের উচ্চতা ও ঘুমানোর ভঙ্গি অনুযায়ী হেডরেস্টটি ওপরে-নিচে সরাতে এবং এর কোণ পরিবর্তন করতে পারবেন।
এমিরেটস জানিয়েছে, হেডরেস্টটির নকশা ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির নিরাপত্তা মান পূরণ করেছে।
এয়ারলাইনের প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক বলেন, "যারা ফ্লাইটে ঘুমাতে চান, তাদের জন্য ইউ-ড্রিম একটি নতুন মানদণ্ড তৈরি করবে। এটি পুরো ঘাড়কে সমর্থন দেয়। ফলে আর আলাদা করে নেক পিলোর প্রয়োজন হবে না।"
এমিরেটস জানিয়েছে, কেবিন ক্রুদের হেডরেস্টটি সঠিকভাবে ব্যবহার করতে যাত্রীদের সহায়তা করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।