Published : 07 Apr 2026, 08:05 PM
এর জন্য বাংলাদেশ ব্যাংকের ‘ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফএক্সটিএমএস) এর সঙ্গে আমদানি ও রপ্তানির হিসাব রাখার মাধ্যম ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের’ সঙ্গে আন্তঃসংযোগ করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, ইতোমধ্যে এটির ব্যবহারকারী গ্রহণযোগ্যতা যাচাই শেষ হয়েছে। মঙ্গলবার থেকে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ কার্যক্রম উদ্বোধন করেন।
এত দিন আমদানিকারকরা তাদের পণ্যের বিপরীতে বাণিজ্যিক ব্যাংকে এলসি খোলার সময় পণ্য আমদানির মূল্যের বাণিজ্যিক চালান দিত। সেটি পরবর্তীতে ব্যাংকগুলো ভেরিফাই করে একটি প্রত্যয়িত নথি ওই আমদানিকারককে দিত। সেই চালান পরে পণ্য খালাসের সময় শুল্ক কর্তৃপক্ষকে দিতে হত আমদানিকারকদের।
এ উদ্যোগের ফলে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের এফএক্সটিএমএস থেকে ‘রিয়েল টাইম’ ভিত্তিতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে চালানের সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে।
আমদানির চালান অনলাইনে যাচাই করার সুবিধার কথা তুলে ধরে এনবিআর বলেছে, এর ফলে সঙ্গে সঙ্গে চালান যাচাই করা যাবে। কাগজপত্রের ওপর নির্ভরতা কমবে এবং রাজস্ব ফাঁকি দূর করা যাবে।
এ ছাড়া আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে, মানি লন্ডারিং কমবে, পণ্য মূল্য নির্ধারণে একটি নির্ভরযোগ্য ডাটাবেইজ তৈরি হবে।
এনবিআর বলছে, পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে ‘বিল অব এন্ট্রিতে’ আবশ্যিকভাবে বাণিজ্যিক চালান সংযোজন কার্যক্রম গ্রহণ করা হবে। সব বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে এই কার্যক্রম ‘পেপারলেস কাস্টমস’ ব্যবস্থা প্রবর্তনের পথে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হবে।