Published : 10 Aug 2026, 08:44 PM
সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে যাওয়া শরিয়াহভিত্তিক পাঁচ আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় এবার যোগ হল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক।
প্রশাসক সরিয়ে দিয়ে রোববার ব্যাংকটির নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক পদে ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদার।
এ নিয়ে তিনটি ব্যাংকের নিয়ন্ত্রণ বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক। সবশেষ গত ৬ অগাস্ট এসআইবিএল থেকে প্রশাসক তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ৩০ জুলাই প্রশাসক তুলে নেওয়া হয় এক্সিম ব্যাংক থেকে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘একে একে সব ব্যাংক থেকে প্রশাসক তুলে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে এসআইবিএল থেকে প্রশাসক তুলে নেওয়া হয়।’’
অন্যদিকে মোহাম্মদ বদিউজ্জামন দিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সব দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে বুঝিয়ে দিয়েছি।’’
গত ২০ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদে নীতিগত সিদ্ধান্ত হয় একীভূত হওয়া শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পুরো দায়িত্ব চলে যাবে অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নিয়ন্ত্রণে।
চলতি অগাস্ট মাসের মধ্যে পাঁচ ব্যাংকের নিয়ন্ত্রণ বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ ব্যাংক।
৩৫ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা নতুন এই ব্যাংককে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দিয়েছে।
পাঁচ ব্যাংক একীভূত করতে গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর।
সেদিনই এসআইবিএলসহ অন্য চার ব্যাংকে প্রশাসক ও তার নেতৃত্বে একটি দলকে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
এরপর ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ব ব্যাংক হিসেবে শরীয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইন্সে দেওয়া হয়।
প্রায় নয় মাস পরে প্রশাসক তুলে নেওয়ার কার্যক্রম বাস্তবায়নে যায় কেন্দ্রীয় ব্যাংক।