২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের শুল্ক: শঙ্কা নিয়ে অপেক্ষায় পোশাক রপ্তানিকারকরা

বিশেষ করে যেসব পোশাক কোম্পানি শুধু মার্কিন বাজারে রপ্তানি করে সেগুলোর দুর্ভাবনা সবচেয়ে বেশি।

ট্রাম্পের শুল্ক: শঙ্কা নিয়ে অপেক্ষায় পোশাক রপ্তানিকারকরা
ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় রপ্তানির জন্য অন্তর্বাস প্যাকেট করছেন শ্রমিকরা। ছবি: রয়টার্স।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 01:41 AM

Updated : 10 Sep 2026, 12:44 PM

প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে বাংলাদেশ যে ৭৩৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে তাতে বর্তমান সাড়ে ১৫ শতাংশ হিসাবে আমদানি শুল্ক বসেছিল ১১৪ কোটি ডলার।

এর সঙ্গে যদি নতুন আরোপিত ৩৫ শতাংশ শুল্ক যোগ হত, সেই হিসাব করলে এসব পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের গুণতে হত আরও অতিরিক্ত ২৫৭ কোটি ডলার।

এত উচ্চ শুল্ক দিলে সেই পণ্যের দাম বাড়বে; অন্য দেশ থেকে আসা একই পণ্যের চেয়ে বেশি হয়ে যাবে মূল্য। যে কারণে মার্কিন বাজারনির্ভর রপ্তানিকারকদের বড় দুশ্চিন্তা তাদের ক্রেতারা এত দাম দিয়ে এখন বাংলাদেশ থেকে পণ্য কিনবেন কিনা। 

শেষ পর্যন্ত সরকারের দরকষাকষিতে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের মন যদি না গলে তাহলে কী পরিস্থিতি দাঁড়াবে, সেটা নিয়ে শঙ্কায় পড়েছেন রপ্তানিকারকরা।

বিশেষ করে যেসব পোশাক কোম্পানি শুধু মার্কিন বাজারে রপ্তানি করে সেগুলোর দুর্ভাবনা সবচেয়ে বেশি। 

এমন রপ্তানিকারকরা বলছেন, তিন মাসেও বাংলাদেশ বিষয়টির সুরাহা করতে না পারায় মার্কিন ক্রেতারাও ভাবনায় পড়েছেন। উচ্চ শুল্কের কারণে পণ্যের দাম বেড়ে গেলে তা বিক্রি করা কঠিন হয়ে পড়বে তাদের জন্য। সেক্ষেত্রে বিকল্প উৎস ভাবাই স্বাভাবিক।

বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর এবার শুল্কের খড়্গ চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি, রয়টার্স।

বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর এবার শুল্কের খড়্গ চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি, রয়টার্স।

তবে নতুন শুল্ক আরোপের চিঠিতে ১ অগাস্টকে এটি কার্যকরের সময় ঠিক করে দিলেও দরকষাকষির সুযোগও রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এ সুযোগ কাজে লাগাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার তাগিদ রপ্তানিকারক ও অর্থনীতির বিশ্লেষকদের।

রপ্তানি খাতকে বড় রকমের ক্ষতি থেকে দূরে রাখতে অংশীজনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে দরকষাকষি চালানোর পরামর্শ তাদের।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পরিচালক ও সুরমা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বড় কথা হচ্ছে এই মুহূর্তে হিসাব করতে হবে। এই ধরনের পরিস্থিতি আসলে তার কী প্রভাব পড়তে সেটা হিসাব করে সরকারকে দায়িত্ব নিতে হবে। 

“যদি ওই লেভেলে ট্যারিফ আসে, তাহলে ৮ বিলিয়ন ডলারের রপ্তানি বাজার ধরে রাখতে কী করতে হবে, ট্যারিফ কমলে কেমন হবে এসব বিষয় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সমঝোতার চেষ্টা চলছে।”

এই মুহূর্তে সরকার ও ব্যবসায়ীদের করণীয় কি, এমন প্রশ্নে তিনি বলেন, “করণীয় বলাটা একটু আগাম হয়ে যায়। সবাই যেন বুদ্ধিমত্তা দিয়ে ভালো একটা পরিস্থিতির দিকে নিয়ে যায় এটাই রপ্তানিকারকদের আশা। বিজিএমইএর পক্ষ থেকে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। 

ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকরা। ছবি: রয়টার্স।     

ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকরা

“অন্তত গত এক সপ্তাহ ধরে যোগাযোগটা নিবিড়। এর আগে যুক্তরাষ্ট্রের দিক থেকে অনেকগুলো কাগজপত্রও আসেনি যে এর ওপর কাজ করা যাবে।”

দেশি শিল্পকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার যুক্তি দেখিয়ে গত ২ এপ্রিল শতাধিক দেশের ওপর চড়া হারে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বাংলাদেশের ওপর বাড়তি ৩৭ শতাংশ শুল্কের ঘোষণা আসে।

বিশ্বজুড়ে নতুন এক বাণিজ্য যুদ্ধের সূত্রপাত করে মিত্র-শত্রু নির্বিচারে তার এ ব্যাপক শুল্কারোপ পরিচিতি পায় ট্রাম্প শুল্ক হিসেবে। সেই শুল্কারোপের ঘোষণা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার মধ্যে পরে নিজের সিদ্ধান্ত বাস্তবায়নের সময় ৯ জুলাই পর্যন্ত স্থগিত করেন ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পণ্যের উপর থেকে শুল্ক ও অশুল্ক বাধা উঠিয়ে দরকষাকষিতে যাওয়ার সুযোগ দেওয়া হয় এই সময়ে।

তবে ৯ জুলাই আসার দুদিন আগেই বাংলাদেশসহ ১৪ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে চিঠি দিয়ে নতুন হারে শুল্কারোপের কথা বলেন ট্রাম্প। শেষ সময়ে চুক্তি করতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়েও কাজ হয়নি। সবার উদ্দেশ্যে একইভাষায় লেখা চিঠিতে বলা হয়, তার নতুন সিদ্ধান্ত কার্যকর হবে ১ অগাস্ট থেকে।

চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দর।

ট্রাম্পের বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল বাণিজ্য চুক্তি করতে পেরেছে যুক্তরাজ্য ও ভিয়েতনাম। ভারতের সঙ্গে তেমন একটি চুক্তির কাছাকাছি থাকার কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা।

সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে সব ধরনের বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ডনাল্ড ট্রাম্প।

বাংলাদেশের সঙ্গে আর যেসব দেশ শুল্কের খড়গে পড়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, সার্বিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, বসনিয়া ও হার্জেগোভিনা, মালয়েশিয়া, তিউনিসিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া। এর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্কের মুখে পড়েছে মিয়ানমার ও লাওস।

নতুন শুল্ক হার ঘোষণা করলেও প্রধান উপদেষ্টা ইউনূসকে লেখা চিঠিতে ডনাল্ড ট্রাম্প আলোচনার দুয়ার খোলা রাখার কথা বলেছেন।

যেসব দেশ আরও ছাড় দিতে রাজি, তাদের প্রতি সদয় হবেন জানিয়ে তিনি বলেছেন, “পরিস্থিতি বুঝে কিছুটা সমন্বয় করা যেতে পারে... আমরা অবিচার করব না।”

এতদিন বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ছিল গড়ে ১৫ শতাংশ, এখন নতুন করে আরও ৩৫ শতাংশ শুল্ক বাড়ায় এটি দাঁড়াবে ৫০ শতাংশে।

এতে চাপে পড়বে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। একক দেশ হিসেবে পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।

তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুযায়ী, দেশটির সব পণ্যের উপর ২০ শতাংশ হারে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র, এপ্রিলে যা ছিল ৪৬ শতাংশ। এর বিপরীতে দেশটিতে মার্কিন সব পণ্য পাবে শুল্কমুক্ত প্রবেশাধিকার। 

ওই চুক্তিতে চীনা পণ্যের ট্রান্সশিপমেন্টের পথ হিসেবে যদি ভিয়েতনাম ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ৪০ শতাংশ শুল্কারোপের কথা বলা হয়েছে। কতটুকু চীনা পণ্য যোগ হলে সেটাকে ট্রান্সশিপমেন্ট পণ্য হিসাবে ধরা হবে, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন ভিয়েতনামি ব্যবসায়ীরা।

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের ২০২৪ সালের হিসাব অনুযায়ী, ৭ দশমিক ১১ শতাংশ নিয়ে পোশাক আমদানির উৎস হিসেবে বাংলাদেশ ছিল তৃতীয় অবস্থানে। ডলারের হিসাবে এই অঙ্ক ছিল ৭৩৪ কোটি ডলার।

ওই সময়ে প্রথম অবস্থানে থাকা চীন থেকে পোশাক আমদানি ছিল ১ হাজার ৬৫১ কোটি ডলার, যা মোট তৈরি পোশাকের প্রায় ২১ শতাংশ ছিল।

২০২৪ সালে ভিয়েতনাম থেকে ১ হাজার ৪৯৭ কোটি ডলারের তৈরি পোশাক নিয়েছিলেন মার্কিন আমদানিকারকরা, যা মোট তৈরি পোশাক আমদানির প্রায় ১৯ শতাংশ ছিল।

যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানির হিসাবে চতুর্থ অবস্থানে থাকা ভারতের পণ্য গেছে ৪৬৯ কোটি ডলারের, শতকরা হিসাবে যা প্রায় ৬ শতাংশ।

ওই সময়ে ইন্দোনেশিয়া থেকে ৪২৫ কোটি ডলার (৫.৩৬%), কম্বোডিয়া থেকে ৩৮০ কোটি ডলার (৪.৮০%), মেক্সিকো থেকে ২৬২ কোটি ডলার, হন্ডুরাস থেকে ২৩১ কোটি ডলার এবং পাকিস্তান থেকে ২১৬ কোটি ডলারের (২.৭৩%) তৈরি পোশাক আমদানি করেছিলেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা।

শুল্ক বাড়লে তৈরি পোশাকে রপ্তানির উপর প্রভাবের কথা তুলে ধরে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “সরবরাহ শৃঙ্খলে থাকা সব অংশীদারকেই প্রভাবিত করার কারণে শুল্ক বাড়ানোর সুদূরপ্রসারী, আবার এটা ভোক্তার আচরণেও প্রভাব ফেলতে পারে। 

“অন্যান্য দেশ বাংলাদেশ থেকে কম দামে পণ্য দিলে কিছু ক্রয়াদেশ সেখানে চলে যেতে পারে। আবার দাম বাড়ার কারণে ব্যবহারকারীরা কেনা কমিয়ে দিতে পারেন।”

শুধু দাম বাড়ার দিকে নজর নয়, বর্তমানের বিস্তৃত সক্ষমতা এবং ভবিষ্যত প্রবৃদ্ধির সুযোগের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।

প্রতিযোগিতা সক্ষমতাকে জোরদার করতে বাংলাদেশের এখন দরকার আরোপিত শুল্ক কমানো এবং তা প্রতিযোগী অন্য দেশের সঙ্গে সমান্তরালে নিয়ে আসার উপর গুরুত্ব দেওয়া।

কার্যকরভাবে অভ্যন্তরীণ খরচ ব্যবস্থাপনা এবং পণ্যের উদ্ভাবন ও বহুমুখীকরণের মতো অন্যান্য প্রভাবকগুলোর উন্নয়নের মাধ্যমে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর সুযোগ এসেছে বলে মনে করছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির চেষ্টায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে থাকাবস্থায় ট্রাম্পের নতুন সিদ্ধান্তের চিঠি এসেছে।

একক দেশ হিসাবে বাংলাদেশি তৈরির পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের পর এমন অবস্থায় আবার নড়েচড়ে বসেছে সরকার। ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে দেরিতে আলোচনা শুরু করলেও নতুন করে আবার আলোচনায় বসার কথা রয়েছে।

বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটা প্রতিনিধি দল এখন যুক্তরাষ্ট্রে অব্স্থান করছেন। তবে খলিলুর ফিরে এসেছেন। এ আলোচনায় অংশ নিতে ওয়াশিংটন গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তারা নতুন করে আলোচনার বসবেন।

এখনও যে দরকষাকষির সময় পেরিয়ে যায়নি, তা স্মরণ করিয়ে দিয়ে রপ্তানিকারক ফয়সাল সামাদ বলেন, “এখন আমরা রপ্তানিকারকদের ভেতরে একটা জরিপ করছি। সেটার প্রতিবেদন এলে বুঝতে পারব। 

“এখন একেবারেই মাঝামাঝি একটা অবস্থায় রয়েছি। কিছুই এখন নিশ্চিত না। আশা না ছেড়ে ধারাবাহিকভাবে সরকার ও ব্যবসায়ীদেরকে কাজ করতে হবে।”

সরকারি উদ্যোগে ব্যবসায়ীদের সম্পৃক্ততাটা কতটুকু জানতে চাইলে এই বিজিএমইএ নেতা বলেন, “গত এক সপ্তাহ ধরে পূর্ণ যোগাযোগ রক্ষা করেই সরকার কাজ করছে। আগে হয়তো এমন ছিল না।”

প্রতিযোগী ভিয়েতনামের বাণিজ্য চুক্তি হয়ে যাওয়ার পর ভারতসহ অন্যান্য প্রতিযোগিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কের বিষয়ে কী চুক্তি হয়, সেটা দেখার অপেক্ষায় থাকার কথাও বলেন তিনি।

ট্রাম্পের শুল্ক এড়ানো গেল না, কী করবে বাংলাদেশ?

ট্রাম্পের ৩৫% শুল্ক: এখনো চুক্তির আশায় বাংলাদেশ

ট্রাম্পের শুল্কের 'ন্যায্যতা' দেখছেন না অর্থ উপদেষ্টা

বাংলাদেশি পণ্যে ৩৫% সম্পূরক শুল্ক আরোপ ট্রাম্পের, কার্যকর ১ অগাস্ট

৩৫% শুল্ক: ইউনূসকে লেখা ট্রাম্পের চিঠিতে যা আছে

কামান, মর্টার, টর্পেডোসহ যুদ্ধাস্ত্রের আমদানি শুল্ক প্রত্যাহার

যুক্তরাষ্ট্রকে 'মানাতে' ৬২৬ পণ্য আমদানিতে শুল্ক ছাড়

ট্রাম্পের শুল্ক: শঙ্কায় পোশাক খাত, লড়াই কোন পথে?