১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আলফা ই-শপে অভিযান, ‘২ কোটি টাকার রাজস্ব ফাঁকি’

“প্রতিষ্ঠানটি ফাঁকি দেওয়া রাজস্ব পরিশোধে মৌখিক সম্মতি দিয়েছে,” বলা হয় এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 06:21 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

অনলাইন প্লাটফর্ম আলফা ই-শপে অভিযান চালিয়ে দুই কোটি টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ফাঁকির তথ্য পাওয়ার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ঢাকার নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (মূল্য সংযোজন কর) দুটি দল এ অভিযান চালায় বলে বুধবার এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এনবিআর বলেছে, মঙ্গলবার প্রতিষ্ঠানের দুটি শো-রুমে দুটি দল একযোগে অভিযান চালায়। অভিযানে তাদের বাণিজ্যিক কাগজপত্র জব্দ করা হয়।  

“তথ্য পর্যালোচনায় দেখা যায় যে, তারা বাণিজ্যিক বিক্রি, শো-রুমের মাধ্যমে বিক্রি, বনানী অনলাইন শো-রুমে বিক্রি, অনলাইন কলের মাধ্যমে বিক্রি, সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিক্রি, অনলাইন ডিলারের মাধ্যমে বিক্রি এবং ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে থাকে।”

পাশাপাশি তারা বনানী-১১ এবং মিরপুর-১২ তে অবস্থিত দুটি শো-রুমের মাধ্যমে পণ্য বিক্রয় করে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এনবিআর বলেছে, “দলিলাদি পর্যালোচনা করে প্রাথমিকভাবে প্রায় দুই কোটি টাকা রাজস্ব ফাঁকি উদঘাটিত হয়। প্রতিষ্ঠানটি ফাঁকিকৃত রাজস্ব পরিশোধে ‘মৌখিক সম্মতি’ দিয়েছে।”

কাগজপত্র বিশ্লেষণ করে তাদের বিষয়ে আইন কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এনবিআর বলছে।

আলফা ই-শপ বিভিন্ন ব্রান্ডের ফ্যান, ডেকোরেটিভ ফ্যান, ঘর সাজানো দামি লাইট, ইলেকট্রনিক্স, ইন্টেরিয়র ডিজাইনের পণ্য, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, টিভি ইত্যাদি আমদানি করে বিক্রি করে।