Published : 01 Feb 2025, 11:33 PM
রপ্তানি পণ্যের প্রচার, বাজার বৈচিত্র্যকরণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে ব্রাজিলে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে বাংলাদেশি পণ্যের মেলা।
‘মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫' নামে এ মেলা আয়োজন করেছে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)। সাও পাওলোতে মেলা শুরু হবে আগামী ১৫ জুন।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিবিসিসিআই সভাপতি ইমরান চৌধুরী বলেন, লাতিন আমেরিকায় বাংলাদেশি পণ্য বাজারজাতকরণ, ব্রাজিলের ব্যবসায়ীদের এদেশে ব্যবসার আমন্ত্রণ জানানোসহ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এই মেলা আয়োজন করা হয়েছে।
“এই মেলা ব্রাজিল ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
মতবিনিময়কালে ঢাকার ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভিরা জানুঝি, ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, কালের কণ্ঠ ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন।
জাহিদুল করিম কচি বলেন, “বিবিসিসিআই দক্ষিণ আমেরিকায় বাংলাদেশি পণ্যের প্রচারে যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশি অপ্রচলিত পণ্য বিশ্ববাজারে তুলে ধরার ক্ষেত্রে এ উদ্যোগ ভূমিকা রাখবে।”