১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সূচিতে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সূচিতে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 12:51 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ইরানে চলমান সংঘাতের মধ্যেই রোববার থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ, জেদ্দা ও ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উড়োজাহাজ সেবার এ কোম্পানি যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে।

বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে এয়ারলাইন কর্তৃপক্ষ।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শনিবার সকালে ইরানে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। অনেকগুলো ফ্লাইট স্থগিত হয়ে যাওয়ায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত যাত্রী বিপাকে পড়েন। 

দাম্মাম, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হওয়ায় অনেক ওমরাহ যাত্রীও বিমানবন্দরে আটকে পড়েন।

ইউএস-বাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

“আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।”

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পুরনো খবর

শাহজালালে তথ্যের ঘাটতি: অনিশ্চয়তা-ভোগান্তিতে শত শত যাত্রী