Published : 29 Apr 2026, 07:18 PM
ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া ‘ডায়েটারি জাতীয় সাপ্লিমেন্ট’ আমদানিতে ঋণপত্র (এলসি) খুলতে পারবে না ব্যাংকগুলো।
বুধবার এ বিষয়ে সার্কুলার দিয়ে ব্যাংকগুলোকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের দাপ্তরিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অধিদপ্তরের পরিচালক (এফইপিডি-১) হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী ‘ডায়েটারি সাপ্লিমেন্ট’, ‘হারবাল সাপ্লিমেন্ট’, ‘নিউট্রিশনাল সাপ্লিমেন্ট’, ‘মেডিকেল নিউট্রিশন থেরাপিউটিক নিউট্রিশন’ এবং সম্পূরক ‘পথ্যজাতীয় পণ্যের’ উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন অথবা পূর্বানুমোদন গ্রহণ বাধ্যতামূলক।
আইনের বিধান লঙ্ঘন করে এ ধরনের পণ্য আমদানি বা বিপণন দণ্ডনীয় অপরাধ।”
অনুমোদন ছাড়াই কিছু ব্যবসায়ী বিভিন্ন দেশ থেকে এসব পণ্য আমদানি করছে জানিয়ে চিঠিতে বলা হয়, কাস্টমস কর্তৃপক্ষ নিবন্ধন/পূর্বানুমোদন ছাড়া পণ্য খালাস না করায় সংশ্লিষ্ট আমদানিকারকরা হাই কোর্ট বিভাগে রিট মামলা করেছেন। এসব মামলায় আদালত কাস্টমস কর্তৃপক্ষকে পণ্য খালাস করার নির্দেশনা দেয়।
এ আদেশের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে। পরে আপিল বিভাগ আইন অনুযায়ী শর্তে পণ্য খালাসের নির্দেশনা দেয়।
এই পরিপ্রেক্ষিতে আইনের ‘সঠিক প্রয়োগ’ নিশ্চিত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া কোনো ‘সাপ্লিমেন্ট পণ্য’ আমদানিতে এলসি ও টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার) না খুলতে ব্যাংকগুলোকে নিদের্শনা দিয়েছে সংস্থাটি।