১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কিনবে সরকার

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের কোম্পানির কাছ থেকে এই এলএনজি আনা হচ্ছে।

স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কিনবে সরকার
ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 06:47 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ইরানের যুদ্ধের মধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার।

এর মধ্যে দুই কার্গো দক্ষিণ কোরিয়ার কোম্পানি থেকে এবং একটি যুক্তরাজ্যের কোম্পানি থেকে কেনা হচ্ছে।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এলএনজি কেনার এই প্রস্তাবে সায় দেয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলতি মাসের শুরুতে দেশের জ্বালানি মজুদ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে জ্বালানি বিভাগ। তখন তিনি এ নির্দেশনা দেন। 

এর পরিপ্রেক্ষিতে চলতি মাসেই স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নেয় জ্বালানি বিভাগ।

এদিন ক্রয় কমিটির বৈঠকটি অনলাইন প্লাটফর্ম জুমে হওয়ায় নিয়মতান্ত্রিকভাবে অর্থমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিং করার কথা থাকলেও তা করেননি।

পরে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তি দিয়ে তিন কার্গো এলএনজি কেনার বিষয়ে ক্রয় কমিটির সায় দেওয়ার কথা জানায়।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হওয়ার প্রেক্ষাপটে কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় নির্ধারিত এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

পরিস্থিতি বিবেচনায় স্পট মার্কেট থেকে অতিরিক্ত কার্গো আনার বিষয়টি আলোচনায় এসেছে। পরে এ বিষয়ে নির্দেশনা এসেছে প্রধানমন্ত্রীর তরফে।

এদিন ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল, ১ কোটি ৩০ লাখ লিটার পরিশোধিত পাম অলিন ও ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের গ্যাসভিত্তিক সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনায় সায় মেলে ক্রয় কমিটির।

আগের খবর:

ইরান যুদ্ধ: স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতি

হরমুজ প্রণালি বন্ধে কী প্রভাব বাংলাদেশে?