Published : 27 Feb 2025, 10:49 PM
‘সুনাম ক্ষুণ্ন’ করার লক্ষ্যেই ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চেয়ারম্যানসহ ৪৬ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।
বৃহস্পতিবার গুলশানে ইবিএলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মামলাটি করা হয়েছে গত বুধবার। কিন্তু ঘটনাটি ২০১৭ সালের। তহবিল আত্মসাতের ওই ঘটনার সঙ্গে ব্যাংকের একটি শাখার প্রাক্তন কর্মকর্তা ও বহিরাগত প্রতারকরা জড়িত ছিলেন।
“ওই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে মামলা করে। পরবর্তী সময়ে আদালত তাদের সাজা দেয়।”
এমডি বলেন, “তারপরও গ্রাহক মুর্তজা আলী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করতে এবং ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা আড়াল করতে মামলা করেছেন। এই মামলা ব্যাংকের ওপর অনৈতিক চাপ সৃষ্টির একটি অপচেষ্টা বলে আমরা মনে করি।”
চট্টগ্রাম আদালতে করা মামলায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরও আসামি করা হয়েছে।
আলী রেজা বলেন, “সাম্প্রতিক মামলাটি ঘটনার প্রায় আট বছর পর করা হয়েছে। এতে ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অন্যায়ভাবে জড়ানো হয়েছে।
“প্রচলিত নিয়ম অনুযায়ী গ্রাহকের দৈনন্দিন লেনদেনের সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কোনো সম্পৃক্ততা থাকে না।”
তিনি দাবি করেন, “প্রতারকদের সঙ্গে মামলার বাদীর সংশ্লিষ্টতার সন্দেহও ওই সময় উঠেছিল।”