১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তামাকপণ্যের দাম বাড়াতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

ই-সিগারেট ও অন্যান্য নতুন প্রজন্মের তামাকপণ্যের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি বলে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে এ নিয়ে কাজ করা দুই সংগঠন আত্মা ও প্রজ্ঞা।

তামাকপণ্যের দাম বাড়াতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে রোববার সাক্ষাৎ করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র প্রতিনিধি দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 01:36 AM

Updated : 26 Aug 2026, 03:41 PM

আসন্ন বাজেটে তামাকপণ্যের দাম বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

রোববার মন্ত্রণালয়ে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র প্রতিনিধি দল দেখা করতে এলে স্বাস্থ্যমন্ত্রীর সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য দিয়েছেন। 

প্রজ্ঞার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরনের উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। 

তিনি বলেন, “ইতোমধ্যেই সব ধরনের তামাকপণ্যের দাম ও শুল্ক বাড়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে।”

‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) ২০২৬ আইন’ পাশ হওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংগঠন দু’টির পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয়।

পরে নতুন আইন পাশের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকার কারণে মন্ত্রীর হাতে ধন্যবাদপত্র তুলে দেয় আত্মা ও প্রজ্ঞার প্রতিনিধি দল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধূমপানের জন্য নির্ধারিত স্থান (ডিএসএ) বাতিল, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশেপাশে তামাকপণ্য বিক্রি নিষিদ্ধকরণ এবং ডিজিটাল মাধ্যমে তামাক পণ্যের বিজ্ঞাপন বন্ধের মতো পদক্ষেপ জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। 

বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ দশমিক ৭৮ কোটি মানুষ তামাক ব্যবহার করে এবং তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যুর বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

নতুন আইন বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট ও অন্যান্য নতুন প্রজন্মের তামাকপণ্যের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণও জরুরি বলে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় আত্মা ও প্রজ্ঞার পক্ষ থেকে।

একইসঙ্গে আসন্ন জাতীয় বাজেটে সবধরনের তামাকপণ্যের কর ও দাম কার্যকরভাবে বাড়িয়ে তরুণদের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যেতে অর্থ মন্ত্রণালয়কে দেওয়া চিঠির প্রশংসা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরো জরালো ভূমিকা গ্রহণেরর অনুরোধ করা হয়।