১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিহ্যাব সভাপতি আফজাল ‘ঋণখেলাপি’, পদ শূন্য ঘোষণা

গত ১৮ এপ্রিল ভোটের মাধ্যমে তিনি সভাপতি হয়েছিলেন।

রিহ্যাব সভাপতি আফজাল ‘ঋণখেলাপি’, পদ শূন্য ঘোষণা
আলী আফজাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 04:28 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

রিহ্যাব সভাপতি আলী আফজাল ঋণ খেলাপি হওয়ায় রিয়াল এস্টেট ও আবাসন ব্যবসায়ীদের সংগঠনটির প্রধান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আলী আফজাল ঋণখেলাপি হওয়ায় ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ২৩ (১)(খ) ধারা অনুযায়ী তার রিহ্যাব সভাপতি পদ শূন্য হিসেবে ঘোষণা করা হল।

ওই ধারায় বলা আছে, “কোনো ব্যক্তি কোনো বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিতে পারিবেন না অথবা কোনো পদে অধিষ্ঠিত থাকিতে পারিবেন না, যদি তিনি—

ঋণ খেলাপী হন অথবা হালনাগাদ কর, ভ্যাট, শুল্ক পরিশোধ না করিয়া থাকেন:

তবে শর্ত থাকে যে, কোনো পদে নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি ঋণ খেলাপী অথবা কর খেলাপী হিসাবে তালিকাভুক্ত হইবার তারিখ হইতে ১৮০ (একশত আশি) দিনের মধ্যে ‍উক্ত ঋণ বা কর পরিশোধ না করিলে উক্ত পদ শূন্য বলিয়া বিবেচিত হইবে।”

গত ১৮ এপ্রিল অভিযোগ আর পাল্টা অভিযোগের রিহ্যাব নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আলী আফজাল। প্রগতিশীল প্যানেল থেকে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান আফজাল ২৩২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তখনকার বিদায়ী সভাপতি ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের’ ওয়াহিদুজ্জামান পেয়েছিলেন ১৯৩ ভোট।

রিহ্যাবের দায়িত্বে আফজাল-রাজ্জাক