মিরপুরের আগুনে পোড়া ওয়াশিং প্ল্যান্ট বিজিএমইএ-এর ‘সদস্য নয়’
“মিরপুরে শাহ আলী ওয়াশিং লিমিটেড ও রাসায়নিক গোডাউনে আগুন লেগে হতাহতের ঘটনায় বিজিএমইএ গভীর দুঃখ প্রকাশ করছে।”
রাজধানীর মিরপুরে রূপনগরের যে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে, তা বিজিএমইএ-এর সদস্য নয় বলে তৈরি পোশাক উদ্যোক্তাদের এ সংগঠন জানিয়েছে।
মঙ্গলবার বিজিএমইএ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মিরপুরের শিয়ালবাড়িতে যে কারখানায় আগুন লেগেছে, তা বিজিএমইএ এর সদস্যভুক্ত কোন পোশাক শিল্প প্রতিষ্ঠান নয়। এটি একটি ওয়াশিং কারখানা।
এদিন বেলা পৌনে ১২টার দিকে ওই কারখানা ও গুদামে আগুন লাগার পর ফায়ার সার্ভিস সেখানে কাজ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত পোশাক কারখানা থেকে ১৬ জনের পোড়া লাশ উদ্ধারের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মিরপুরে শাহ আলী ওয়াশিং লিমিটেড ও রাসায়নিক গোডাউনে আগুন লেগে হতাহতের ঘটনায় বিজিএমইএ গভীর দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে বিজিএমইএ।”
