২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পেইন্টস খাতে নারীদেরকে প্রশিক্ষণ দিলো বার্জার

পেইন্টস খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে বার্জার পিটিআই

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 06:37 PM

Updated : 12 Jun 2023, 06:37 PM

দেশের পেইন্টস খাতে দক্ষ নারী কর্মী গড়ে তুলতে এবং এই পেশায় নারীদেরকে আগ্রহী করতে ‘ফিমেল পেইন্টার্স ডেভলপমেন্ট প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় প্রথমবারের মতো ৪০ জন নারীকে প্রশিক্ষণ দিয়েছে বার্জার পেইন্টার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বার্জার পিটিআইতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বার্জার।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কারিকুলাম অনুসরণ করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে করে নারীরা দেশ ও দেশের বাইরের শ্রম-বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে সক্ষম হবেন।

নারীদেরকে এই প্রশিক্ষণ প্রদানের মূল উদ্দেশ্য হল, তাদের দক্ষতা ও কাজের মান বাড়ানো, নির্ভুল কাজ নিশ্চিত করা, পণ্য সম্পর্কিত জ্ঞান বাড়ানো, যোগাযোগ দক্ষতার উন্নতি এবং কাজের ক্ষেত্রে যেন নীতিমালা ও কমপ্ল্যায়েন্স মেনে চলা হয় তা নিশ্চিত করা।

এর আরেকটা উদ্দেশ্য হল, এই পেশায় ‘জেন্ডার স্টেরিওটাইপ’ পরিবর্তন করা। কারণ বাংলাদেশের পেইন্টিং পেশা মূলত পুরুষ নির্ভর।

সনদ প্রদান অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ বলেন, “বর্তমানে নারীরা কর্মসংস্থানের তাগিদে ছোট-বড় বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন। আর সেসব পেশায় ভালো করতে দরকার দক্ষতার উন্নয়ন।

“সরকারি সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে পেইন্ট শিল্পে দক্ষ নারী কর্মী গড়ে তোলার ক্ষেত্রে বার্জার-এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই প্রশিক্ষণ কার্যক্রম দেশের নারী পেইন্টার ও তাদের পরিবারের সদস্যদের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখবে।”

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেউ-এর প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম বলেন, “বাংলাদেশে পেইন্টের কাজ ছেলেদের জন্য উপযুক্ত বলে ধরে নেওয়া হয়। আমরা এই ‘জেন্ডার স্টেরিওটাইপ’ পরিবর্তন করে পেইন্টিং শিল্পের ট্যালেন্টপুলে তাদের যুক্ত করতে চেয়েছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস লাক্সারি সিল্ক-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান।

পেইন্টস খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ২০১৬ সাল থেকে এনএসডিএ স্বীকৃত প্রতিষ্ঠান বার্জার পিটিআই কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান থেকে এপর্যন্ত ছয় হাজারেরও বেশি পেইন্টার প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করেছেন। ২০২৩-২৪ অর্থবছরে লেকার পলিশিং, কার পেইন্টিং, হাই-বিল্ড ইন্ডাস্ট্রিয়াল কোটিং, মেরিন কোটিং, পাউডার কোটিং বিষয়ক খাতেও প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে বার্জার।