১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাজার সিন্ডিকেট ভাঙতে এআই ব্যবহারের পরিকল্পনা করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

গত রোজায় প্রায় ২ কোটি ২৮ লাখ নাগরিককে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার তথ্য দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এবার সে সংখ্যা বাড়িয়ে প্রায় ২ কোটি ৮৮ লাখে উন্নীত করা হচ্ছে।

বাজার সিন্ডিকেট ভাঙতে এআই ব্যবহারের পরিকল্পনা করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সোমবার রাজধানীতে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। যাত্রাবাড়ী এলাকায় পণ্য কিনতে ট্রাকের সামনে মানুষের ভিড়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 02:30 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

‘বাজার সিন্ডিকেট’ ভাঙা ও কারসাজি বন্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারের পরিকল্পনার কথা বলছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি যেন কার্যকর হতে না পারে, সে লক্ষ্যেই সরকার কৌশলগত মজুদ (স্ট্র্যাটেজিক রিজার্ভ), কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণ এবং টিসিবির সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে।"

এর মাধ্যমে বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে মনে করেন মন্ত্রী। তবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও সিন্ডিকেট ভাঙতে এআই প্রযুক্তি ঠিক কীভাবে কাজ করবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি। 

মন্ত্রীর ভাষ্য, “নিত্যপণ্যের আমদানি মূলধননির্ভর হওয়ায় স্বাভাবিকভাবেই কিছু বড় ব্যবসায়ী এ খাতে সক্রিয় থাকেন। তবে সরকার এমন একটি অংশীদারত্বভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে আরও বেশি উদ্যোক্তা এই খাতে অংশ নিতে পারেন এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়।”

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হয়। 

বাণিজ্যমন্ত্রী বলেন, "সরকারের প্রধান লক্ষ্য হল নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভর্তুকিমূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। এ লক্ষ্যেই টিসিবির মাধ্যমে সারা দেশে নিয়মিতভাবে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে এবং বিশেষ উৎসবকে কেন্দ্র করে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

গতবছর রোজায় প্রায় ২ কোটি ২৮ লাখ নাগরিককে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার তথ্য দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এবার সে সংখ্যা বাড়িয়ে প্রায় ২ কোটি ৮৮ লাখে উন্নীত করা হচ্ছে।

“গত বছরের ঈদুল আজহায় যেখানে প্রায় ১০ হাজার ৯০০ টন খাদ্যপণ্য সরবরাহ করা হয়েছিল, এবার তা বৃদ্ধি করে প্রায় ১৪ হাজার টনে উন্নীত করা হয়েছে, যা প্রায় ৪০ শতাংশ বেশি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আবদুর রহিম খান। স্বাগত বক্তব্য দেন টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।