১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনসিটি নিয়ে আন্দোলন: ১৫ জনের বাসার বরাদ্দ বাতিল

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়কের নামও আছে তালিকায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 10:04 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

বিদেশি কোম্পানির কাছে কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামা ১৫ কর্মচারীর বাসার বরাদ্দ বাতিল করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 

রোববার বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) নাসির উদ্দিনের সই করা আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এসব কর্মচারীকে এর আগে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়। 

বাসার বরাদ্দ হারানো ব্যক্তিদের মধ্যে আন্দোলরত ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের’ দুই সমন্বয়ক ইব্রাহীম খোকন ও হুমায়ুন কবিরও রয়েছেন। 

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মবিরতি শুরু হয় গেল ৩১ জানুয়ারি। সেদিন জাতীয়তাবাদী শ্রমিকদলের ব্যানারে কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। 

পরের দিন থেকে আন্দোলন হয় ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ ব্যানারে। এর মধ্যে বন্দর কর্তৃপক্ষ কয়েকদফায় আন্দোলরত ১৬ জনকে বিভিন্ন জায়গায় বদলি করে। 

রোববারের আদেশে বলা হয়, “গত ২ ফেব্রুয়ারি বদলি করার পর দুই কার্যদিবসের মধ্যে তাদের বদলি হওয়া কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছিল। কিন্ত তারা বদলি হওয়া কর্মস্থলে এখনো যোগদান করেননি। 

এ অবস্থায় তাদের অনুকূলে বরাদ্দ করা চট্টগ্রাম বন্দরের বাসা (যদি থাকে) বাতিল করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের অনুরোধ করা হয় আদেশে।