Published : 30 May 2025, 04:29 PM
উড়োজাহাজের টিকেটের সময় পরিবর্তনের ফি মওকুফে এয়ারলাইন্সগুলোকে চিঠি দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার থেকে ঢাকাসহ সারাদেশে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় অনেকেই নির্ধারিত ফ্লাইট মিস করেছেন। আর ফ্লাইট মিস করা যাত্রীদের টিকেটের তারিখ পরিবর্তনে সাধারণত বাড়তি ফি গুণতে হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ শুক্রবার এক বিবৃতিতে বলেন, প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনা করে এ সংক্রান্ত ফি মওকুফের জন্য সব এয়ারলাইন্সকে অনুরোধমূলক নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমানে সব আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্বাভাবিক রয়েছে।
“তবে চলমান বিরূপ আবহাওয়া ও ভারি বৃষ্টিপাতের কারণে কিছু ফ্লাইটে সাময়িক বিলম্ব হচ্ছে। এখন পর্যন্ত কোনো ফ্লাইটকে বিকল্প গন্তব্যে ডাইভার্ট করতে হয়নি, যা যাত্রী ও এয়ারলাইন্স উভয়ের জন্য স্বস্তির বিষয়।”
নির্বাহী পরিচালক বলেন, “যেকোনো সম্ভাব্য পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে এয়ারলাইন্স, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “গাজীপুর ও বনানী এলাকা থেকে বিমানবন্দরগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
“এছাড়া যেসব যাত্রী খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট মিস করেছেন বা করবেন, তাদের পরবর্তী ফ্লাইটে দ্রুততম সময়ে স্থানান্তরের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, যা পরে আরো ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল ৬টায় নিম্নচাপে পরিণত হয়। পরে সেটি পরিণত হয় গভীর নিম্নচাপে।
বৃহস্পতিবার দিনভর ব্যাপক বৃষ্টি ঝরিয়ে রাতেই সেটি নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে শুক্রবারও ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।