ঢাকায় বসছে ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
বিশ্ব পর্যটন দিবস ও শীতকালীন পর্যটন মৌসুম সামনে রেখে বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’।
১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই মেলা বসবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করছে ভ্রমণবিষয়ক সাময়িকী ‘পর্যটন বিচিত্রা’। সোমবার ঢাকায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার আয়োজন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ১৯ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
বিভিন্ন দেশের পর্যটন প্রতিষ্ঠান, হোটেল, রিসোর্ট, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে। বাংলাদেশসহ ১০ দেশের মোট ২০০টি পর্যটন প্রতিষ্ঠানের প্রায় ৩০০ স্টল থাকবে মেলায়।
মেলার পার্টনার কান্ট্রি হিসেবে রয়েছে থাইল্যান্ড, ফিলিপিন্স ও মালদ্বীপ। টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল সংবাদ সম্মেলনে বলেন, “এই আয়োজন শুধু একটি মেলা নয়, এটি পর্যটন খাতের একটি বড় মিলনমেলা। দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের সামনে সাশ্রয়ী ট্র্যাভেল প্যাকেজ তুলে ধরা এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।”
দর্শনার্থীদের জন্য মেলায় বিটুবি সেশন, সেমিনার, গন্তব্য উপস্থাপনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বাংলাদেশ, নেপাল ও ফিলিপিন্সের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে থাকছে ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। তবে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। প্রবেশ কুপনের র্যাফেল ড্রতে এয়ার টিকেটসহ বিভিন্ন পুরস্কার থাকবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মো. জিয়াউল হক হাওলাদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান উপস্থিত ছিলেন।
