Published : 08 Sep 2026, 01:04 AM
সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের জন্য শুল্ক-কর রেয়াত দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
এ সুবিধার আওতায় নির্দিষ্ট যন্ত্রপাতি আমদানিতে অধিকাংশ শুল্ক ও কর থেকে অব্যাহতি মিলবে।
সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়ার তথ্য রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
একই সঙ্গে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ বাড়ানো এবং উভয় পক্ষের বিনিয়োগকারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অ্যাগ্রিমেন্ট' শীর্ষক চুক্তি সইয়ের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
চুক্তিটি কার্যকর হলে দুই পক্ষের মধ্যে বৈদেশিক বিনিয়োগ প্রবাহ বাড়াতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে বলা হয়, নবায়নযোগ্য সৌর শক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের জন্য যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১% এর অতিরিক্ত কাস্টমস ডিউটি, সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত অব্যাহতি প্রদানের প্রস্তাব করা হয়েছে।
এতে বলা হয়, এর ফলে বিদ্যুৎ ঘাটতির ফলে জনজীবনে সৃষ্ট ভোগান্তি কমার পাশাপাশি শিল্প উৎপাদন অব্যাহত থাকবে, উৎপাদন ব্যয় কমাসহ যন্ত্রপাতির ক্ষতি কম হবে, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে।
হংকংয়ের সঙ্গে চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্যতম উন্নত ও উন্মুক্ত অর্থনৈতিক অঞ্চল হংকং। বাংলাদেশে সরাসরি বিনিয়োগকারীদের মধ্যে হংকংয়ের অবস্থান ষষ্ঠ। বাংলাদেশের পোশাক, বস্ত্রসহ বিভিন্ন খাতে হংকংয়ের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন।
‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অ্যাগ্রিমেন্ট' উভয়পক্ষের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং নতুন বিনিয়োগ আকর্ষণে সহায়ক ভূমিকা পালন করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এ চুক্তি শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, চুক্তির মেয়াদ ১০ বছর। তবে চুক্তি সইয়ের তিন বছর পর উভয়পক্ষ চুক্তি সংশোধন করতে পারবে। এ সংক্রান্ত বিধান খসড়া চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।