Published : 03 Sep 2026, 05:35 PM
মেধাস্বত্ব, প্রযুক্তিগত জ্ঞান বা প্রযুক্তিগত সহায়তার মতো সেবার বিপরীতে বিদেশে ফি পাঠানোর ক্ষেত্রে হাইটেক পার্কে থাকা প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে না।
বৃহস্পতিবার সার্কুলার জারি করে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বর্তমানে এ খাতের ফি পরিশোধে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নিতে হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সীমার মধ্যে ফি পাঠাতে কেন্দ্রীয় ব্যাংক বা হাইটেক পার্ক কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে না।
যেসব প্রতিষ্ঠানের বিদেশি মুদ্রায় কোনো আয় নেই, তারা এ সুবিধা পাবে বলে সার্কুলারে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নতুন প্রতিষ্ঠানের বেলায় এক বছরের যন্ত্রপাতি আমদানি ব্যয়ের ৬ শতাংশের সমপরিমাণ অর্থ পাঠানো যাবে।
অন্যদিকে পুরনো বা চলমান প্রতিষ্ঠানের বেলায় পাঠানো যাবে আগের বছরের আয়কর রিটার্নে থাকা মোট বিক্রিত অর্থের ৬ শতাংশ পর্যন্ত।
এর বেশি অর্থ পাঠাতে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে।