১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এওএবির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

আবারও সভাপতি হয়েছেন স্কয়ার এয়ার লিমিটেডের অঞ্জন চৌধুরী; তার সঙ্গে মহাসচিব হিসেবে থাকছেন নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

বেসরকারি এভিয়েশন মালিকদের সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে আবারও সভাপতি হয়েছেন স্কয়ার এয়ার লিমিটেডের অঞ্জন চৌধুরী; তার সঙ্গে মহাসচিব হিসেবে থাকছেন নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

শনিবার স্যামসন সেন্টারের সভাকক্ষে এওএবির দ্বাদশ বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন এওএবি’র সভাপতি অঞ্জন চৌধুরী।

নতুন কমিটিতে প্রথম সহসভাপতি হয়েছেন মেঘনা এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামাল। ইউএসবাংলা এয়ারলাইন্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন হয়েছেন দ্বিতীয় সহসভাপতি।

কোষাদক্ষ নির্বাচিত হয়েছেন ইমপ্রেস এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন। ব্লু ফ্লাইং অ্যাকাডেমি লিমিটেডের আব্দুল্লাহ আল জহির স্বপন যুগ্মসচিব এবং বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেডের রাকিবুল কবির সাংগঠনিক সম্পাদক হয়েছেন। প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাউথ এশিয়ান এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, বসুন্ধরা এয়ার ওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, বিআরবি এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।

অন্যদের মধ্যে বসুন্ধরা এয়ার ওয়েজের প্রধান পরিচালন কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুল হক, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা জে এম মোস্তাফিজুর রহমান, বেক্সিমকো এভিয়েশন এর প্রধান পরিচালন কর্মকর্তা গুলজার হোসেইন সভায় উপস্থিত ছিলেন।

সভাপতি বলেন, “বর্তমানে দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”