১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রবির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলার সাক্ষ্য দিলেন মাহতাব

জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরা ও সাক্ষ্যগ্রহণের জন্য বিচারক আগামী ২৫ জুলাই দিন রেখেছেন।

রবির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলার সাক্ষ্য দিলেন মাহতাব
রবির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 07:06 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের বিরুদ্ধে করা ২২৭ কোটি টাকা ক্ষতিপূরণ মামলার শুনানি শুরু হয়েছে বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে। 

মামলার বাদী রবির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ রোববার ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ আলমগীর আল মামুনের আদালতে নিজের জবানবন্দি দেন।

এরপর বিবাদী পক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন। জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরা ও সাক্ষ্যগ্রহণের জন্য বিচারক আগামী ২৫ জুলাই দিন রেখেছেন বলে বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার আশফাকুর রহমান জানান।

‘অন্যায়ভাবে’ চাকরিচ্যুত করে অবসর-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগে ২০২২ সালের ২২ অগাস্ট এ মামলা করেন মাহতাব উদ্দিন আহমেদ। রবি আজিয়াটা ছাড়াও কোম্পানির সাবেক সিইও ইজাদ্দিন ইদ্রিস, বর্তমান বোর্ড চেয়ারম্যান থায়াপরান এস সাঙ্গারা পিল্লাইসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয় সেখানে। 

এজাহারে বলা হয়, মাহতাব উদ্দিন ২০২১ সালের ২ অগাস্ট পদত্যাগপত্র জমা দেন, যা ওই বছরের ৩১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। রবির পরিচালনা পর্ষদ ৫ অগাস্ট ‘নিঃশর্তভাবে’ সেই পদত্যাগপত্র গ্রহণের কথা চিঠি দিয়ে জানায়।

কিন্তু ২০২২ সালের ২২ মে রবি আজিয়াটা গ্রুপ মাহতাব উদ্দিনকে চাকরিচ্যুত করার নোটিস দিয়ে ভূতাপেক্ষে তা কার্যকর করার কথা জানায়।

‘ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে মাহতাব উদ্দিনকে তার প্রাপ্য অবসর-সুবিধা থেকে বঞ্চিত করার জন্য’ রবি ওই পদক্ষেপ নেয় অভিযোগ করে প্রাপ্য অবসর সুবিধা ও ক্ষতিপূরণ বাবদ ২২৭ কোটি ২ লাখ ৪৪ হাজার ৫০২ টাকা দাবি করা হয়েছে মামলায়।

মাহতাব উদ্দিন ২০১০ সালে রবির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) পদে যোগ দিয়ে ২০১৬ সালে সিইও হন। পরের পাঁচ বছর তিনি ওই দায়িত্বে ছিলেন।

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রবির ৬১ দশমিক ৮২ শতাংশ মালিকানা রয়েছে মালয়েশিয়ার বহুজাতিক কোম্পানি আজিয়াটার হাতে। এছাড়া ভারতী এয়ারটেল ২৮ দশমিক ১৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক।

পুরনো খবর

রবির বিরুদ্ধে ২২৭ কোটি টাকার মামলা সাবেক সিইও মাহতাবের