Published : 29 Apr 2026, 12:01 AM
বছর শেষে নিট মুনাফা না থাকলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কর্মকর্তা, কর্মচারীদের বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়ার যে সুবিধা বাতিল করা হয়েছিল তা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বিশেষ কোনো অর্জনের জন্য কর্মীদের উৎসাহ ভাতা দিতে পারবে ব্যাংক।
তবে এজন্য সংশ্লিষ্ট হিসাব বছরে পরিচালন মুনাফা করার শর্তের পাশাপাশি আরও কিছু শর্ত পূরণের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার এ বিষয়ক সার্কুলারে বলা হয়েছে, পরিচালন মুনাফায় থাকলে ব্যাংকের বিশেষ কোনো অর্জনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের ‘উৎসাহ বোনাস’ হিসেবে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দিতে পারবে বাণিজ্যিক ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে সোনালী, জনতা, অগ্রণী, বেসিক ও রূপালীসহ রাষ্ট্রায়ত্ত কিছু ব্যাংকের কর্মীদের উৎসাহ বোনাস দেওয়ার পথ খুলল।
এসব ব্যাংকের মধ্যে রূপালী ও সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা হলেও নিট মুনাফা থাকে না।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ‘ব্যাংকিং খাতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের কর্মোদ্দীপনা বৃদ্ধি ও ব্যাংকসমূহের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এজন্য দেওয়া শর্তগুলো হল
>> বিবেচ্য বছরে ব্যাংকটিকে অবশ্যই পরিচালন মুনাফা অর্জন করতে হবে।
>> আগের বছরের তুলনায় ব্যাংকের রেগুলেটরি মূলধন কমে না যাওয়া।
>> ব্যাংক কর্তৃক নতুনভাবে কোনরূপ সঞ্চিতি বিলম্বকরণ সুবিধার জন্য আবেদন না করা।
এর আগে গত ডিসেম্বরে সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছিল, কোনো বাণিজ্যিক ব্যাংকের বছর শেষে নিট মুনাফা না থাকলে জনবলকে উৎসাহ বোনাস দিতে পারবে না। একইসঙ্গে মূলধন ও নিরাপত্তা সঞ্চিতিতে ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়া যাবে না।
এতে রাষ্ট্রায়ত্ত বেশির ভাগ বেসরকারি খাতের ব্যাংকের কর্মীদের উৎসাহ ভাতা দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। এ নিয়ে তখন ব্যাংক খাতে বিতর্ক তৈরি হয়।