১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ব্যবসায়ী ফজলুল হক

"আমাকে ১২০ দিন সময় দিয়েছে, এই সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন করা, মানে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা–এইটা হল মূল দায়িত্ব,” বলেন এই ব্যবসায়ী।

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ব্যবসায়ী ফজলুল হক
মো. ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 04:08 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হককে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক পদে বসিয়েছে সরকার।

চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর আমলাদের দিয়ে সংঠনটি চালিয়ে এলেও এবার এ পদে একজন ব্যবসায়ীকেই বেছে নেওয়া হল।

বাণিজ্য মন্ত্রণালয় গত ২৬ জুলাই ফজলুল হককে প্রশাসকের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করলেও বিষয়টি প্রকাশ পায় রোববার। তিনি ইতোমধ্যে এফবিসিসিআইয়ে যোগ দিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন।

জানতে চাইলে ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাকে ১২০ দিন সময় দিয়েছে, এই সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন করা, মানে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা–এইটা হল মূল দায়িত্ব।

"তো এখন এই মূল দায়িত্ব থেকে আমি সেই জিনিসটা করব। ১২০ দিনের ভেতরে ব্যবসায়ীদের যে প্রত্যাশা, একটা নির্বাচন করা, যাতে ব্যবসায়ীদের সংগঠন হিসেবে এফবিসিসিআইকে ব্যবসায়ীরা রিপ্রেজেন্ট করতে পারে, সেই দায়িত্বটা পালন করা হচ্ছে আমার এখন মূল লক্ষ্য।"

তিনি বলেন, ব্যবসায়ী সমাজসহ সবার কাছে ‘গ্রহণযোগ্য’ একটি নির্বাচন করতে সবকিছুই তারা করবেন।

প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বিকেএমইএর সভাপতি ছিলেন। কাজ করেছেন ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) পর্ষদ সদস্য হিসেবে।

এ ছাড়া এফবিসিসিআই, সার্কের সিসিআই, আইসিসি বাংলাদেশসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালন করেছেন তিনি।

চব্বিশের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার জন্য একজন আমলাকে এফবিসিসিআইয়ের প্রশাসক পদে বসায় অন্তর্বর্তী সরকার।

ওই বছর ১১ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক সদস্য মো. হাফিজুর রহমানকে একবছরের জন্য প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

তার একবছরের মেয়াদ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে গতবছর ২ নভেম্বর প্রশাসক পদে আনা হয়।

২৭ জুন এফবিসিসিআইয়ের প্রশাসক পদ থেকে রহিম খানকে অব্যাহতি দেওয়া হলে এতদিন পদটি ফাঁকা ছিল। এক মাসের বেশি সময়ের পর সেখানে নতুন প্রশাসক দিল বিএনপি প্রশাসন।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এফবিসিসিআইয়ের 'কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং দেশের শিল্প ও বাণিজ্যের প্রসারের স্বার্থে' ফজলুল হককে এ দায়িত্ব দেওয়া হয়েছে।