হজ এজেন্সিগুলোর কমিশন বাড়ানোর আশা দিলেন বিমানমন্ত্রী
হজের মত ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান তার।
হজ এজেন্সিগুলোর কমিশন বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের কাজ করার কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে বিমান টিকেটের অস্বাভাবিক মূল্য নির্ধারণের মাধ্যমে হজযাত্রীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। নতুন সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছি।
শনিবার রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনের হজ ও ওমরাহ মেলার সমাপনীতে তিনি এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার শুরু হওয়া মেলা শনিবার শেষ হয়।
আফরোজা খানম বলেন, “ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মধ্যে আমরা হজযাত্রীদের বিমান টিকিটের খরচ ৩৬ হাজার ৮০০ টাকা কমাতে সক্ষম হয়েছি। পাশাপাশি সৌদি সরকারের আরোপিত বিমান টিকিট-সংক্রান্ত কর কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি।”
হজের মত ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অন্যায় করলে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে–এ বিষয়টি আমাদের সবসময় স্মরণ রাখতে হবে।”
এর আগে সমাপনী অনুষ্ঠানের শুরুতে সাবেকমন্ত্রী হারুনার রশিদ মুন্নুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।
