১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ডাক বিভাগকে আয়ের সাড়ে ৪ কোটি টাকা দিল নগদ

দুই পক্ষের চুক্তি অনুযায়ী, নগদের আয়ের ৫১ শতাংশ পায় ডাক বিভাগ, আর ৪৯ শতাংশ পায় নগদ লিমিটেড

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 10:18 PM

Updated : 02 Nov 2022, 10:17 PM

মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ গত ২০২১-২২ অর্থবছরের আয় থেকে সাড়ে চার কোটি টাকা ডাক বিভাগকে দিয়েছে।

বুধবার ঢাকার আগারগাঁওয়ে ডাক ভবনে এক অনুষ্ঠানে এ অর্থের চেক হস্তান্তর করার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক অধিদপ্তরের মহাপরিচালক হারুনুর রশীদ, নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক উপস্থিত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব খলিলুর রহমানের হাতে চেক তুলে দেন নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগদ লিমিটেড ও ডাক বিভাগের চুক্তি অনুযায়ী নগদের সেবা থেকে মোট আয়ের ৫১ শতাংশ পাবে বাংলাদেশ ডাক বিভাগ। বাকি ৪৯ শতাংশ পায় নগদ।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে ১ কোটি ১২ লাখ টাকা এবং ২০২০-২১ অর্থবছরে ৩ কোটি ৩১ লাখ টাকার রাজস্ব ডাক বিভাগকে দিয়েছিল নগদ।

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, “আমার কাছে মনে হয়েছে, নগদের অস্তিত্বই দেশের হাজার হাজার কোটি টাকা বাঁচিয়েছে। দেশে ভালো কাজ করলে পা ধরে নামানোর চেষ্টা করা হয়। আমরা শুরু থেকে নগদের সাথে ইতিবাচক ছিলাম, আছি, থাকব।

“শুধু নগদ ও বিকাশের লেনদেনের মধ্যে যে পরিমাণ ‘ক্যাশ আউট চার্জে’র পার্থক্য আছে, সেটাই কয়েক হাজার কোটি টাকা। এই কৃতিত্ব তো নগদ’কে দিতে হবে। দেশ ও জাতির জন্য নগদ’কে প্রয়োজন।”

ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, “আমাদের পেছনে শত্রু আগে ছিল, এখনও আছে। আমি মনে করি যে, শত্রু শেষ হয়ে যাবে না, এটা চলতে থাকবে। এর মধ্যদিয়ে কাজ করে যেতে হবে।”

নগদের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমরা প্রতি বছরের মত এবারও ডাক অধিদপ্তরকে তার আয়ের অংশ ভাগাভাগি করলাম।”