Published : 27 Jul 2026, 09:55 PM
রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ বাড়াতে বুথ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬ শীর্ষক মেলার ডি ব্রিফিং অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন।
তবে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বুথ ভাড়া কত শতাংশ মওকুফ করা হবে বা পুরো ভাড়া মওকুফ হবে কিনা সে বিষয়ে কিছু বলেননি তিনি।
পদাধিকারবলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল মুক্তাদির বলেন, “বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। তাদের পণ্য বিশ্ববাজারে পরিচিতি ও রপ্তানির লক্ষ্যে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।
“কিন্তু অনেক ক্ষুদ্র উদ্যোক্তা প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার অভাবে এসব মেলায় অংশগ্রহণ করতে পারেন না।”
এ সময় বাণিজ্যমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফের ঘোষণা দেন।
নতুন বিনিয়োগ ও রপ্তানির সুযোগ তৈরি করতে ২০২৬-২৭ অর্থবছরে ২৭ দেশের মোট ৫০টি আন্তর্জাতিক মেলায় অংশ নেওয়ার তথ্য আগেই দিয়েছিল ইপিবি। গত মঙ্গলবার ইপিবির সম্মেলন কক্ষে সংস্থার পরিচালনা পর্ষদ সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়।
ইপিবির ব্যবস্থাপনায় এসব মেলায় অংশ নেওয়ার ক্ষেত্রে ১২টি খাতকে অগ্রাধিকার দেওয়ার তথ্য দেওয়া হলেও খাতগুলোর নাম সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
সোমবারের ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “জনগণের ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের বাণিজ্য সহজিকরণের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করছে। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা হবে। লাইসেন্স যাতে ঘরে বসেই অনলাইনে পেতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে ডি ব্রিফিং সভায় বাণিজ্য সচিব আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্ততকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল করিম মুন্না এবং জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি নাসির খান উপস্থিত ছিলেন।
মন্ত্রী উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, প্রস্তাবনা ও কুনমিং মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা শোনেন এবং মতামত দেন।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীসহ অতিথিরা ইপবি প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটার পত্রিকার মোড়ক উন্মোচন করেন।