Published : 29 Jul 2026, 09:18 PM
সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে মামলা থাকলে বাদী ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি সহায়তা পাবে না।
বুধবার এক সার্কুলারে এ সিদ্ধান্ত তুলে ধরে বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রণোদনা পেতে হলে আবেদনকারীকে মামলা প্রত্যাহার করে নিতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, রপ্তানিমুখী বন্ধ কল-কারখানা চালু করাসহ কৃষি, সিএমএসএমইসহ ইত্যাদি খাতের ঋণগ্রহীতাদের প্রণোদনা কিংবা নীতি সহায়তা দেওয়া হচ্ছে।
“কিন্তু কোনো কোনো গ্রাহক একদিকে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা নিচ্ছে, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে রিট আবেদনসহ অন্যান্য মামলা অব্যাহত রাখছে।”
সার্কুলারে বলা হয়, “যেকোনো নীতি সহায়তা দেওয়ার ক্ষেত্রে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লষ্টি ব্যাংকের বিরুদ্ধে আবেদনকারীর কোনো মামলা অনিষ্পন্ন থাকলে তা প্রত্যাহার সাপেক্ষে আবেদন বিবেচনা করতে হব।”
প্রত্যাহারকৃত মামলার তালিকাসহ আবেদনকারীর কাছ থেকে হলফনামা নেওয়ার কথাও বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বন্ধ কলকারখানা চালু ও অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ প্যাকেজ ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।
গত ২৩ মে সংবাদ সম্মলনে গভর্নর মোস্তাকুর রহমান এই প্যাকেজ ঘোষণা করেন। এই তহবিলের মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান তৈনি হবে বলে আশা প্রকাশ করছিলেন তিনি।