Published : 13 Mar 2026, 12:12 AM
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যাওয়া দুবাই ও আবুধাবি ফ্লাইট শুক্রবার থেকে আবার চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার বিমানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি বলেছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিমানের দুবাই, আবুধাবি ও শারজাহ রুটের ফ্লাইট ২৮ ফেব্রুয়ারি থেকে স্থগিত রয়েছে।
“শুক্রবার বিমানের ঢাকা থেকে দুবাইগামী একটি ফ্লাইট এবং আবুধাবিগামী আরেকটি ফ্লাইট পরিচালিত হবে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-দুবাই ফ্লাইটটি এবং সকাল ৬টায় ঢাকা-আবুধাবি ফ্লাইটটি যাত্রা শুরু করবে।”
বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই, আবুধাবি ও শারজাহ রুটের যেসব যাত্রী গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে ভ্রমণের জন্য টিকেট কেটেছিলেন, তারা ওই ফ্লাইটসমূহে কোনো চার্জ ছাড়া সিট বুকিং দিয়ে ভ্রমণ করতে পারবেন।
সিট বুকিংয়ের জন্য বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে ফ্লাইটের চার ঘণ্টা আগ পর্যন্ত সরাসরি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান সেলস সেন্টার থেকেও এসব ফ্লাইটের জন্য সিট বুকিং দেওয়ার সুযোগ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ১৩ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৪২৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এসময় মধ্যপ্রাচ্যগামী ৪১১টি ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে।
দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলাও শুক্রবার (১৩ মার্চ) থেকে শারজাহ এবং শনিবার (১৪ মার্চ) থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে।