Published : 20 Aug 2026, 09:53 PM
দেশীয় শিল্প, ফ্যাশন ও নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচদিনের ‘নারী উদ্যোক্তা সম্মেলন ও ক্রেতা-বিক্রেতা মেলা’।
একাডেমি মাঠে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ২৪ অগাস্ট পর্যন্ত। এতে পণ্য বিক্রির পাশাপাশি থাকছে কনসার্ট, মেকআপ ওয়ার্কশপ ও ফুড ওয়ার্কশপ এবং ফ্যাশন শোসহ নানা আয়োজন।
সম্মেলন ও মেলার আয়োজক সি ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘জিডো অ্যাসোসিয়েটস’।
আয়োজকদের তথ্যানুযায়ী, মেলায় মোট ১২০টি স্টল রয়েছে। এর মধ্যে ৩০টি খাবারের স্টল এবং বাকি ৯০টিতে হস্তশিল্প, মণিপুরি শাড়ি, অর্গানিক জুয়েলারি, হ্যান্ডমেড ক্লথিং ও মৃৎশিল্পসহ বাহারি দেশি-বিদেশি পণ্যের সমাহার ঘটেছে।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, দেশীয় ও ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি বসেছে বাহারি খাবারের দোকান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিরামিক বিভাগ থেকে পাস করা উদ্যোক্তা সাদিয়া আফরোজ পিয়া পরিচালিত স্টল ‘সরসী’।
স্টলটিতে শোভা পাচ্ছে হাতে তৈরি নকশী কাঁথা, অ্যাপ্লিক, সিরামিক, মাটির জিনিসপত্র, কাঠের হস্তশিল্প এবং প্রকৃতি থেকে সংগৃহীত রঙে রঞ্জিত গয়না।
রামপুরা বনশ্রী থেকে আসা ফ্যাশন ডিজাইনার ও এসএমই ফাউন্ডেশনের ট্রেইনার মোহাম্মদ রাশিব খানের স্টলে শোভা যাচ্ছে ফেলে দেওয়া হোগলা পাতা, ছন, পাট ও মাটি দিয়ে বানানো নানা জিনিস। স্টলে ১০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে শীতলপাটির ব্যাগ, প্লেটমেট, টেবিল রানার এবং মাটির নানা গৃহস্থালি পণ্য। পাইকারি ক্রেতা ও নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণাও দিয়েছেন তিনি।
সম্মেলনের মূল উদ্দেশ্য ও সার্বিক পরিকল্পনা নিয়ে সি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং জিডো অ্যাসোসিয়েটসের পরিচালক শাহিনুর ইসলাম সাবা বলেন, “আমাদের উদ্দেশ্য দেশীয় পণ্যের বিকাশ এবং নারী উদ্যোক্তাদের জন্য একটি বড় বাজারের সুযোগ তৈরি করা। মেলাটি জুন মাসে হওয়ার কথা থাকলেও অবশেষে তা পূর্ণাঙ্গ রূপ পেল।
“প্রথম দিনে আমরা দারুণ সাড়া পাচ্ছি এবং আশা করছি টানা পাঁচ দিনই ক্রেতা-দর্শনার্থীদের ভালো সমাগম হবে। বিশেষ করে মেলায় অনলাইনের চেয়েও বেশি আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে।”
এদিকে শুধু পণ্য কেনাবেচায় সীমাবদ্ধ থাকছে না এই সম্মেলন। দর্শনার্থী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে রাখা হয়েছে নানা কর্মশালা। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে ফুড ওয়ার্কশপ, যা পরিচালনা করেন রন্ধনশিল্পী হাসিনা আনসার।
এছাড়া শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত থাকছে বিশেষ মেকআপ ওয়ার্কশপ। এতে চট্টগ্রাম, নোয়াখালী, শরীয়তপুর ও গাজীপুরসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন। ওয়ার্কশপ পরিচালনা করবেন ৩ জন প্রশিক্ষক।
মেলাকে প্রাণবন্ত রাখতে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। বৃহস্পতিবার সন্ধ্যায় নব্বই দশকের গান নিয়ে কনসার্ট করেছে ব্যান্ড ‘স্ক্রাঞ্চ'।
শুক্রবার ও শনিবার সন্ধ্যায় কে এম সাকিব, রুমি কারিম এবং মর্তুজা আলী অর্ণবের পরিচালনায় পৃথক তিনটি ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকবে কুষ্টিয়ার শিল্পীগোষ্ঠীর পরিবেশনা এবং নৃত্যানুষ্ঠান।
২৪ অগাস্ট পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।