সারা দেশে সারের নতুন ডিলার নিয়োগের আশ্বাস প্রধানমন্ত্রীর
এ ব্যাপারে যদি পুরো সংসদের সম্মতি থাকে, তবে নিশ্চয়ই সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলেছেন তারেক রহমান।
আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়াদের বাদ দিয়ে সারা দেশে সারের নতুন ডিলার নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নেবে।
“চিফ হুইপ যেটি বলেছেন, উনি যখন বক্তব্যটি উপস্থাপন করেন তখন আমি খেয়াল করেছি। মোটামুটি পুরো সংসদ বিষয়টিকে ওয়েলকাম (স্বাগত) করেছেন। এ ব্যাপারে যদি পুরো সংসদের সম্মতি থাকে, তবে নিশ্চয় সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।”
এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম ফ্লোর নিয়ে পয়েন্ট অব অর্ডারে অভিযোগ করেন, বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা সাধারণ মানুষকে ‘হয়রানি’ এবং বাজারে ‘কৃত্রিম সংকট’ তৈরির চেষ্টা করছেন।
তিনি বলেন, “কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পায় এবং ফ্যাসিস্টরা যেন বিতাড়িত হয়, সে জন্য পুরাতন ডিলার নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।”
উপস্থিত সংসদ সদস্যরা এ সময় টেবিল চাপড়ে স্বাগত জানান।
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অনুমতি নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে তার মতামত তুলে ধরেন।
