১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যামচেমের সাবেক সভাপতি ফরেস্ট কুকসনের মৃত্যু

চার দশকের বেশি সময় বাংলাদেশে বসবাস করেছেন এই মার্কিন নাগরিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 06:10 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ বা অ্যামচেমের সাবেক সভাপতি ফরেস্ট ই. কুকসন মারা গেছেন।

৯২ বছর বয়সে মঙ্গলবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অ্যামচেম।

অ্যামচেমের পাশাপাশি এক সময় ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা ফিকির নেতৃত্বে ছিলেন তিনি। চার দশকের বেশি সময় বাংলাদেশে বসবাস করেছেন এই মার্কিন নাগরিক। 

অ্যামচেম জানিয়েছে, ১৯৩৪ সালের ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা ফরেস্ট কুকসন আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরামর্শক হিসেবে কাজ করেন এবং নব্বইয়ের দশকে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম প্রোগ্রামে যুক্ত ছিলেন। 

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যামচেমের সভাপতি ছিলেন কুকসন। জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করা এই মার্কিন নাগরিক ঢাকায় ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে ছিলেন।

সাবেক সভাপতির বিদায়ে শোকপ্রকাশ করে অ্যামচেমের বিজ্ঞপ্তিতে বলা হয়, “অ্যামচেম তার অসামান্য অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ এবং তাকে সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমরা তার পরিবার, বন্ধু এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই। তার আত্মার শান্তি কামনা করছি।”