১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চার ব্যাংকে পর্যবেক্ষক দিল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকগুলো হল- ন্যাশনাল, প্রিমিয়ার, আইএফআইসি ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 11:10 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

আর্থিক অনিয়ম ও খেলাপি ঋণে জেরবার বেসরকারি খাতের চার ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর বেসরকারি কোনো ব্যাংকে পর্যবেক্ষক দেওয়ার প্রথম পদক্ষেপ এটি।

ব্যাংকগুলো হল- ন্যাশনাল, প্রিমিয়ার, আইএফআইসি ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পর্যবেক্ষক নিয়োগ বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজের অংশ। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

ন্যাশনাল ব্যাংকের পর্ষদে বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ এর পরিচালক মুনির আহমেদ চৌধুরী; প্রিমিয়ার ব্যাংকে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এএনএম মঈনুল কবির; আইএফআইসি ব্যাংকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ কে এম কামরুজ্জামান এবং আল-আরাফাহ্‌ ব্যাংকে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

পর্যবেক্ষকরা ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী ও নিরীক্ষা কমিটির সভায় উপস্থিত থেকে প্রয়োজনে মতামত দিতে পারবেন।

একই সঙ্গে সভার আলোচিত বিষয় ও সিদ্ধান্তগুলোর ওপর নিজের পর্যবেক্ষণ তুলে ধরে প্রতিবেদন আকারে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ঠ দপ্তরে পাঠান তিনি। এতে দুরবস্থার মধ্যে থাকা ওই ব্যাংকের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হয়।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে ডজন খানেক ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। তখন বেশ কিছু ব্যাংকে পর্যবেক্ষকও দেওয়া হয়।