১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পর্যটন নিয়ে সমঝোতা সই করবে বাংলাদেশ-মালদ্বীপ

বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা এবং সহযোগিতা গ্রহণের বিষয়ে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

পর্যটন নিয়ে সমঝোতা সই করবে বাংলাদেশ-মালদ্বীপ
মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশিদ সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 10:09 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার জন্য বাংলাদেশ ও মালদ্বীপ একটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে। 

সোমবার দুপুরে ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশিদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় বলছে, আলোচনায় বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি দেশের পর্যটন খাত, বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা এবং সহযোগিতা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

এ সময় উভয়পক্ষ পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। 

এ উদ্যোগ দুই দেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং যৌথ উদ্যোগ গ্রহণে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

রাষ্ট্রদূত মালদ্বীপের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।