১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাতৃতুল্য’ রানির স্মৃতি ধরে রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

“ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ স্মরণে কমনওয়েলথকে অবশ্যই উপযুক্ত কিছু করতে হবে,” বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘মাতৃতুল্য’ রানির স্মৃতি ধরে রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিশিয়া স্কটল্যান্ড কিউসির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2022, 11:25 PM

Updated : 17 Sep 2022, 12:11 AM

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘মাতৃতুল্য ব্যক্তিত্ব’ অভিহিত করে তার স্মৃতি ধরে রাখতে কমনওয়েলথকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার লন্ডনে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, “সারা জীবন নিবেদিত প্রাণ হয়ে কমনওয়েলথের জন্য কাজ করে যাওয়া ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ স্মরণে কমনওয়েলথকে অবশ্যই উপযুক্ত কিছু করতে হবে।”

বৈঠকে প্রয়াত রানির সঙ্গে ব্যক্তিগত স্মৃতি স্মরণ করে তাকে ‘মাতৃতুল্য ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।

এসময় কমনওয়েলথের প্রতি অবিচল প্রতিশ্রতির জন্য রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির মহাসচিব।

পদবলে নতুন প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথের কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যাবেন, নিজের এমন আস্থার কথাও তুলে ধরেন প্যাট্রিসিয়া।

চলতি বছরের জুনে রুয়ান্ডায় কমনওয়েলথ সরকার প্রধানদের সভায় সংস্থাটির মহাসচিব হিসেবে পুর্ননির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান বাংলাদেশের সরকারপ্রধান।

এসময় নারীর ক্ষমতায়ন, শিশু উন্নয়ন, মানসিক স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনসহ সহিংস চরমপন্থা মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব।

এছাড়া সলফভাবে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

Image

২০১৮ সালে লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শেষবার সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথ দেশগুলোর মধ্যে নারী নেতৃত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরার বিষয়ে মহাসচিবের পরামর্শে ইতিবাচক সাড়া দেন প্রধানমন্ত্রী।

কমনওয়েলথের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে স্মারক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী বছর ‘শান্তির বছর’ ও ‘যুব বছর’ হিসেবে পালন করার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।

বৈঠকে প্রকৃতি সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সফলতার কথা বিশেষভাবে উল্লেখ করেন প্যাট্রিসিয়া।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কমনওয়েলথের ‘লিভিং ল্যান্ডস’ উদ্যোগে নেতৃত্ব দেওয়ার আমন্ত্রণ জানান মহাসচিব।

এছাড়া কমনওয়েলথের ‘ব্লু চার্টার’ উদ্যোগের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার কথা স্মরণ করেন প্যাট্রিসিয়া।

কমনওয়েলথের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ব্যবসায়িক যোগাযোগের উন্নয়নে জোটের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।