১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্লাস্টিকের আবরণে পোস্টার-লিফলেট নয়, নজরদারি বাড়াতে বিশেষ পরিপত্র

সেই সঙ্গে মাইকিংয়ে প্রচারণার সময় শব্দ দূষণ না ঘটানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 08:46 PM

Updated : 25 Dec 2023, 10:16 PM

ভোটের প্রচারে যত্রতত্র পোস্টার, ব্যানার, লিফলেটসহ নানা ধরনের প্রচার সামগ্রীতে প্লাস্টিকজাত বা পলিথিনের ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।

সেই সঙ্গে মাইকিংয়ে প্রচারণার সময় শব্দ দূষণ না ঘটানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার রিটার্নিং অফিসারদের কাছে এ সংক্রান্ত ‘বিশেষ পরিপত্র’ দিয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

সোমবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত বিশেষ পরিপত্রে বলা হয়েছে, “জাতীয় সংসদ নির্বাচনকে পরিবেশবান্ধব এবং একটি ‘সবুজ’ নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীগণ নির্বাচনি কার্যক্রমে বর্জ্য উৎপাদন কমানো নিরুৎসাহিতকরণ, প্রচারপত্রে প্লাস্টিকজাত Thermal Lamination film বা পলিথিনের আবরণ কিংবা প্লাস্টিক ব্যানার (পিভিসি ব্যানার) ব্যবহার বন্ধকরণসহ প্রচার কাজে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার এবং প্রচার কাজে ব্যবহৃতব্য মাইকিংয়ে শব্দের মানমাত্রা ৬০ ডেসিবলের নিচে রাখতে হবে।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধির বিষয়ে সতর্ক করতে নির্বাচনি এলাকায় নিয়োজিত ভিজিল্যান্স, অবজারভেশন ও মনিটরিং টিম এবং আইনশৃঙ্খলা সেলের সদস্যদের নিয়ে নির্বাহী ও বিচারিক হাকিমদের যথাযথ নির্দেশনা দিতে বলেছে ইসি।

৭ জানুয়ারির নির্বাচন উপলক্ষে এখন প্রতিদ্বন্দ্বী অন্তত ১৯০০ প্রার্থী ভোটের প্রচারে রয়েছেন।

১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন জমার শেষ সময় ছিল ৩০ নভেম্বর। গেল এক মাস ধরে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনে প্রায় ২০০ জনকে শোকজ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। সেই সঙ্গে নির্বাহী হাকিমরাও বিভিন্ন এলাকায় জেল-জরিমানা করছেন। নিয়মিত আচরণবিধি প্রতিপালনের বিষয়ে মাঠ পর্যায়ের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের অভযোগ পেলে প্রায়ই নির্বাচন কমিশন তলব করছে প্রার্থীদেরকে; নির্বাচনি অপরাধের জন্য মামলা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রেডক্রিসেন্টকে কম্বল বিতরণের অনুমতি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের অনুমতি দিয়ে নির্বাচন কমিশন বলেছে, এ  কার্যক্রমে কোনোভাবেই ভোটের প্রার্থীরা থাকতে পারবেন না।

কম্বল বিতরণের অনুমতি চেয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি গত ১২ ডিসেম্বর কমিশনে চিঠি দিয়েছিল।

এ পরিপ্রেক্ষিতে সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্টের মহাসচিবকে সম্মতির বিষয়টি জানান ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।

“বর্তমান শীত মৌসুমে শীতার্ত দরিদ্র ও দুর্গত মানুষের মধ্যে ৬৮টি ইউনিটের মাধ্যমে প্রায় ৪০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে সম্মতি দিয়েছে ইসি। তবে আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দলীয় বা স্বতন্ত্র কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না,” বলা হয় ইসিরন চিঠিতে।

পুরানো খবর:

পোস্টারে হতশ্রী মেট্রোরেলের পিলার

পুরানো খবর:

পোস্টারে নেই আচরণবিধির বালাই

পুরানো খবর:

প্রতীক নিয়ে শুরু প্রচারযুদ্ধ: যা যা করতে মানা