১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

‘অপতথ্যের জাল ছিঁড়ে’: ঢাকায় তথ্যের অখণ্ডতা সম্মেলন ১৫ নভেম্বর

ডেটাফুল আয়োজিত দিনব্যাপী এ সম্মেলন বসবে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 05:39 PM

Updated : 13 Nov 2026, 05:38 PM

তথ্যের নির্ভরযোগ্যতা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা এবং সাংবাদিকের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামী ১৫ নভেম্বর ঢাকায় হবে ‘তথ্যের অখণ্ডতা সম্মেলন ২০২৬’।

‘অপতথ্যের জাল ছিঁড়ে’ প্রতিপাদ্যে ডেটাফুল আয়োজিত দিনব্যাপী এ সম্মেলন বসবে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে।

সেদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সম্মেলনের কার্যক্রম। এতে উদ্বোধন ও সমাপনী পর্বের পাশাপাশি থাকবে ছয়টি মূল অধিবেশন।

অধিবেশনগুলোতে নির্বাচনকেন্দ্রিক অপতথ্য ও রাজনীতি, এআই ও অপতথ্য নিয়ে তরুণদের দৃষ্টিভঙ্গি, লিঙ্গভিত্তিক তথ্য-আক্রমণ, এআইয়ের শাসনব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গণমাধ্যমের প্রতি আস্থা এবং অপতথ্য, সাংবাদিকের নিরাপত্তা ও সংবাদ প্রকাশের অধিকার নিয়ে আলোচনা হবে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশন আয়োজনে সহযোগিতা করছে ডিডব্লিউ একাডেমি, ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট, টেক গ্লোবাল ইনস্টিটিউট, ফ্রি প্রেস আনলিমিটেড ও ভয়েস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ সম্মেলনের মিডিয়া পার্টনার।

সাংবাদিক, গবেষক, তরুণ, মানবাধিকারকর্মী, নীতিনির্ধারক ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে ডেটাফুল।

ডেটা সাংবাদিকতা নিয়ে কাজ করা ডেটাফুলের নির্বাহী পরিচালক সাংবাদিক পলাশ দত্ত বলেন, “বর্তমান সময়ে অপতথ্যের প্রভাব মোকাবেলায় শুধু তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং যথেষ্ট নয়। এ জন্য গণমাধ্যম-সাক্ষরতা বা মিডিয়া লিটারেসিসহ সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

এই উপলব্ধি থেকেই ডেটাফুল তথ্যের অখণ্ডতা সম্মেলনের আয়োজন করেছে বলে জানান তিনি।