১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সৌদিতে নিহত ২ বাংলাদেশির লাশ ফেরাতে রিয়াদের সহায়তা চান শামা

আহত বাংলাদেশিদের চিকিৎসার জন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 08:11 PM

Updated : 14 Oct 2026, 08:11 PM

সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানন্দরে ইয়েমেনি স্বশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত ২ বাংলাদেশির লাশ দ্রুত দেশে ফেরাতে রিয়াদের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন জাফর আবিয়াহ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।

তাদের আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত ২ বাংলাদেশির মরদেহ ফেরত আনার কাজ দ্রুততর করতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একইসঙ্গে আহত বাংলাদেশিদের চিকিৎসার জন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সাম্প্রতিক এই হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি সংহতি জানানোর পাশাপাশি প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন শামা ওবায়েদ। সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানিয়েছেন তিনি।

রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দরে শনিবার হুতিদের ওই হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ২ বাংলাদেশি ছাড়াও ৪ সৌদি নাগরিক এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, আহত হয়েছেন ৩০৯ জন।

ওই হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থতানার মাদলা গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম ও মায়ের নাম শাহেরা বেগম।

নিহত অন্যজন নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামে। তিনি মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং জাহানারা বেগমের ছেলে।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হুতিদের হামলার প্রেক্ষাপটে সংহতি ও সহযোগিতার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত।